বিদ্যালয়ের মাঠে মেলা কক্ষে সরকারি কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের মাঠের অর্ধেকেরও বেশি জায়গাজুড়ে মেলার দোকানপাট। পাশেই শতাধিক গাড়ি ও মোটরসাইকেল। আশপাশে কয়েক শ লোক। আর শ্রেণীকক্ষে সরকারি কার্যালয়। গত ৩১ জানুয়ারি এমন পরিবেশেই শিক্ষার্থীদের পাঠদানের দৃশ্য চোখে পড়ে ঢাকার আশুলিয়া থানার ঘোড়াপীরের মাজার এলাকায় অবস্থিত আলহাজ যাফর ব্যাপারী উচ্চবিদ্যালয়ে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ঘোড়াপীরের মাজার এলাকার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ কারণে ইচ্ছা না থাকলেও মাঠে মেলা বসাতে বাধা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আর সরকারি কার্যালয় (ভূমি জরিপ) করার অনুমতি দেওয়া হয়েছে জনগণের স্বার্থেই। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের অসুবিধা হলেও করার কিছু নেই।ঢাকা-আরিচা মহাসড়কের মির্জানগর এলাকা থেকে আধা কিলোমিটার দূরে এই মাজার। মাজারের বাৎ সরিক ওরস উপলক্ষে পাশে বিদ্যালয়ের মাঠে গত ১৯ জানুয়ারি বসা মেলা চলবে মাসব্যাপী। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতে মেলায় বসে জুয়ার আসর।বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহামেদ বলেন, মেলার কারণে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ভূমি জরিপের কার্যালয় করায় বিদ্যালয়ের মাঠ ও শ্রেণীকক্ষের সামনে গাড়ি ও মানুষের জট লেগেই থাকে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘মেলায় জুয়া চলার কোনো অভিযোগ আমাদের কাছে নেই। খোঁজ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’বিদ্যালয়ের দুটি শ্রেণীকক্ষসহ মোট তিনটি কক্ষে চলছে ভূমি জরিপসংক্রান্ত আপত্তি ও আপিলের কাজ। ২০০৯ সালের জানুয়ারি থেকে জরিপ কর্মকর্তারা এই তিনটি কক্ষ ব্যবহার করছেন। ঘোড়াপীরের মাজার আপিল ও আপত্তি কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই শ্রেণীকক্ষে কার্যালয় করা হয়েছে। গত বছরের জুলাই মাস থেকে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষকে মাসে ১০ হাজার টাকা করে ভাড়াও দিচ্ছি।’সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুন্নী হোসেন বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত আছি। দেখছি কী করা যায়।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাব্বী মিয়া বলেন, বিদ্যালয়ের মাঠে মেলা এবং পাঠদান ব্যাহত করে শ্রেণীকক্ষে অন্য কোনো প্রতিষ্ঠানের কার্যালয় করার অনুমতি দেওয়া হয় না। এমন হয়ে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’