বিদ্যালয়ের মাঠে যাত্রার প্যান্ডেল, অশ্লীল নৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চবিদ্যালয়ের মাঠে যাত্রার প্যান্ডেল তৈরি করা হয়েছে। গ্রামীণ সংস্কৃতির উন্নয়নের নামে আয়োজিত এ মেলায় চলছে অশ্লীল নৃত্য ও জুয়া। গ্রামবাসী প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন।এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল, রাঙ্গামাটি গ্রামের আমজাদ ফকির, মুনজুরুল ইসলাম, ইছাহাক ফকির ও ছামছুল হক সোমবার থেকে আবুল হোসেন জহুরা উচ্চবিদ্যালয় মাঠে তৈরি করেছেন প্যান্ডেলটি।বিদ্যালয়ের ছাত্র মিলন রহমান ও রাজু আহম্মেদ জানায়, বিদ্যালয়ের মাঠ দখল করে যাত্রা-জুয়ার প্যান্ডেল তৈরি করা হয়েছে। এর কারণে তাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, মেলা কমিটির আয়োজকেরা তাঁকে জিম্মি করে বিদ্যালয়ের মাঠে যাত্রা ও জুয়ার আসর বসিয়েছেন। তিনি প্রতিবাদ করেও কিছু করতে পারেননি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহফুজুর রহমান জানান, মেলা কমিটির লোকজন বিদ্যালয়ের মাঠ দখলে নিতে তাঁকে মৌখিকভাবে বলেছিলেন। কিন্তু তিনি কোনো অনুমতি দেননি।এ বিষয়ে এম এ তারেক হেলাল বলেন, ‘আমি মেলা ও যাত্রা আয়োজনের সঙ্গে জড়িত নই। গ্রামের কয়েকজন যুবক মিলে এ মেলার আয়োজন করেছে। সেখানে রাতে গ্রামীণ যাত্রা দেখানো হয়। অশ্লীল নৃত্য প্রদর্শন ও জুয়া খেলা হয়নি। গ্রামবাসীর পক্ষ থেকে অভিযোগ উঠেছে। এ কারণে আজকের (বুধবার) মধ্যেই যাত্রার প্যান্ডের ভেঙে ফেলা হবে।’উপজেলা মাধ্যমিক উচ্চমাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন জানান, বিদ্যালয়ের মাঠ দখল নিয়ে যাত্রা ও জুয়ার মঞ্চ তৈরি করা হয়েছে। এ বিষয়ে তাঁদের কাছে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক জানান, খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।