বিদ্যালয়ের মাঠে সার্কাস পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জের হাসানহাটি–বড়ধোপাদী এ আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠ ঘিরে চলছে সার্কাস। গতকাল তোলা ছবি l প্রথম আলো
ঝিনাইদহের কালীগঞ্জের হাসানহাটি–বড়ধোপাদী এ আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠ ঘিরে চলছে সার্কাস। গতকাল তোলা ছবি l প্রথম আলো

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসানহাটি-বড়ধোপাদী এ আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সার্কাস চালানো হচ্ছে। এতে পাঠদান ব্যাহত হচ্ছে।
এদিকে সার্কাসে রাতে পুতুলনাচের নাম করে অশালীন নৃত্য পরিবেশনের অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সূত্র জানায়, ২২ জানুয়ারি থেকে সার্কাস চলছে। বেলা তিনটায় মূল অনুষ্ঠান হলেও গানবাজনা শুরু হয় দুইটায়। এ কারণে এক ঘণ্টা আগে বেলা একটার দিকে স্কুল ছুটি দেওয়া হয়। বিদ্যালয়টিতে ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, শিক্ষকেরা এভাবে পাঠদানের সময় কমিয়ে আনতে পারেন না। তিনি খোঁজ নিয়ে দেখবেন।
বিদ্যালয়ের শিক্ষকেরা বলছেন, সার্কাসের বাজনা আর দর্শকদের ভিড়ের কারণে তাঁরা বিদ্যালয়ের সময় কমিয়ে আনতে বাধ্য হয়েছেন। এ জন্য তাঁরা ৪৫ মিনিটের ক্লাস ৩০ মিনিটে শেষ করেছেন। এতে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হচ্ছে।
সপ্তম শ্রেণির ছাত্রী নিলুফার ইয়াসমিনসহ কয়েকজন শিক্ষার্থী বলে, সার্কাসের কারণে শীতের সকালে এক ঘণ্টা আগে স্কুলে আসতে খুব কষ্ট হচ্ছে। ক্লাসের সময় কমিয়ে আনায় শিক্ষকেরা তাড়াহুড়া করছেন।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠজুড়ে প্যান্ডেল। মাঠের এক পাশে কিছু লোক হাতি নিয়ে মজা করছে। এক পাশে সার্কাসের শিল্পীরা আড্ডা দিচ্ছেন। তাঁদের সঙ্গে ধোপাদী বাজারের কয়েকজন ব্যবসায়ী ও বিদ্যালয়ের শিক্ষার্থী। বিদ্যালয়ে ক্লাসও চলছে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আরশাদ আলী বলেন, এলাকার অনেকেই সার্কাসের জন্য মাঠ ব্যবহারের দাবি তুলেছিলেন। এ কারণে স্কুল কর্তৃপক্ষ অনুমতি দিতে বাধ্য হয়েছে। স্কুল এখান থেকে লাভবান হচ্ছে না। সার্কাসের কারণে পাঠদান কিছুটা ব্যাহত হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সার্কাসের আয়োজকদের প্রধান সাইদুজ্জামান গতকাল বলেন, সার্কাসের কারণে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হচ্ছে না। বিদ্যালয়ের সময় একটু কমিয়ে আনলেও ঠিকমতো পড়ালেখা করানো হচ্ছে। তিনি আরও বলেন, ‘সবেমাত্র সার্কাস চালানো শুরু করেছি। দেখি কত দিন চালানো যায়।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম এ আরিফ সরকার বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।