বিদ্যালয়ের মাঠে সার্কাসের নামে অশ্লীল নৃত্য!
মাগুরায় একটি সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে ২১ দিন ধরে শিল্প ও বাণিজ্য মেলা চলছে। এ মেলায় সার্কাস ও পুতুল খেলার নামে অশ্লীল নৃত্য প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মেলায় উচ্চশব্দে মাইকে গান বাজানোর কারণে ২ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থীরা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারছে না।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ মার্চ জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিয়ে মাগুরা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বিশাল মাঠে মেলা শুরু হয়। প্রথমে ১৫ দিনের জন্য অনুমোদন নেওয়া হলেও পরে মেলার সময় আরও তিন দিন বাড়ানো হয়। মেলার চারপাশে মাগুরা আদর্শ ডিগ্রি, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও সরকারি মহিলা কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫-২০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করেন। তাঁদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী স্টেডিয়াম, কলেজ, আদর্শ, পিটিআই, ডিসি ও পুলিশ লাইনপাড়ায় মেসে থেকে লেখাপড়া করেন। রাতের বেলা মেলায় উচ্চশব্দে মাইক বাজানোর কারণে এসব শিক্ষার্থীসহ এইচএসসি পরীক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। মেলায় গত রোববার পর্যন্ত র্যাফেল ড্রর নামে লটারি বিক্রি করে প্রতিদিন কয়েক লাখ টাকা আয় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।মেলার মাঠসংলগ্ন কলেজপাড়ার মঞ্জুরুল ইসলাম বলেন, মেলা চলাকালে মাইকের উচ্চশব্দে রাতে ঘুমাতে পারি না। পুলিশ লাইনপাড়ার রাজিনুর রহমান বলেন, ‘মাইকে উচ্চশব্দে গান বাজানোর কারণে পড়তে পারছি না। বলতে গেলে রাতের বেলা পড়ালেখা প্রায় বন্ধ থাকে।’শহরের কারিগরপাড়ার কাজী মিনহাজ উদ্দিন অভিযোগ করেন, বাণিজ্য মেলা নয়, মূলত ওখানে প্রতিদিন র্যাফেল ড্রর নামে চলছে জুয়া খেলা। এ ছাড়া সার্কাস ও পুতুলনাচের নামে কুরুচিপূর্ণ নাচ প্রদর্শন করা হচ্ছে। মাগুরা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবদুল্লাহ আল মামুন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ মেলার জন্য ব্যবহারে নিষেধ আছে। আমরা বাধা দিয়েছিলাম। মাঠ বরাদ্দ দেওয়ার এখতিয়ার জেলা প্রশাসকের এবং তিনিই মাঠ বরাদ্দ দিয়েছেন।’পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, ‘বিষয়টি জেলা প্রশাসককে বলেন। তিনি অনুমতি দিয়েছেন।’জেলা প্রশাসক সুশান্ত কুমার সাহা বলেন, ‘৫ এপ্রিল পর্যন্ত বাণিজ্য মেলার অনুমতি দেওয়া হয়েছিল। এরপর মেলা বন্ধ হয়ে যাওয়ার কথা। আপনারা পত্রিকায় লেখেন। তা হলে হয়তো বন্ধ করা সম্ভব হবে।’সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রাজা বলেন, ‘মেলা আমি কিনেছি।’ মেলায় লটারি খেলা ও অন্য সব অশ্লীল কাজকর্ম সম্পর্কে পত্রিকায় না লেখার অনুরোধ করে তিনি বলেন, আর কয়েক দিন পর মেলা বন্ধ হয়ে যাবে।মাগুরা শিল্প ও বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান লাবলু মেলায় র্যাফেল ড্রর আয়োজনের কথা স্বীকার করে বলেন, আগামী শুক্রবার মেলা শেষ হয়ে যাবে।