বিদ্যালয়ের মাঠে সিসি ব্লক খেলাধুলা বন্ধ দেড় বছর
গাইবান্ধার সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে দেড় বছর ধরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিসি ব্লক ও বালু রাখা হয়েছে৷ ফলে ওই বিদ্যালয় ও পাশের সাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ রয়েছে।
পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক বলেন, বিদ্যালয়টি আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতার ভ্যেনু। কিন্তু সিসি ব্লকের কারণে দেড় বছর ধরে আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা যাচ্ছে না। ১০ দিনের কথা বলে সিসি ব্লকগুলো রাখা হয়েছিল। এরপর বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও সেগুলো সরানো হচ্ছে না।
সাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুজ্জোহা বলেন, ‘দুই বিদ্যালয়ের একই মাঠ। কিন্তু আমাদের কার্যালয় কক্ষ ঘেঁষে সিসি ব্লক রাখায় এক বছর ধরে বিড়ম্বনায় আছি। আমাদের বিদ্যালয়ে ৪১৬ জন শিক্ষার্থী রয়েছে। তাদের বোঝানো যায় না। তারা ফাঁক পেলেই সিসি ব্লকের ওপরে লাফালাফি করে। এতে প্রায় প্রতিদিনই দু-তিনজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটছে।’
গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল মিয়া বলেন, ‘আমি বিদ্যালয় দুটির সমস্যা বুঝতে পেরেছি৷ জায়গার অভাবে ওই বিদ্যালয়ের মাঠে ব্লকগুলো রাখা হয়েছে। নদীর তীরে ব্লক বসানোর কাজ চলছে। এগুলো দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।’
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠের বেিশর ভাগ জায়গাজুড়ে সারিবদ্ধভাবে রাখা হয়েছে সিসি ব্লক। উত্তর প্রান্তে বিদ্যালয়ের শহীদ মিনার ঘেঁষে রয়েছে বালুর স্তূপ। স্তূপটি টিনের বেড়া দিয়ে ঘেরা।
খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়ের কাছে যমুনা নদীর ভাঙন রোধে ১৩৩ কোটি টাকা ব্যয়ে সিসি ব্লক স্থাপনসহ নদীর তীর সংরক্ষণের কাজ চলছে। পাউবো এ প্রকল্প বাস্তবায়ন করছে।
বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সেলিম ইসলাম ও আলী হোসেন বলে, ‘সিসি ব্লক ও বালু স্তূপ করে রাখায় মাঠটি ছোট হয়ে গেছে। আমরা টিফিনের সময় খেলাধুলা করতে পারছি না। ঝুঁকি নিয়ে ফুটবল ও ক্রিকেট খেলতে হচ্ছে। কারণ, সিসি ব্লকের স্তূপ থেকে বল আনতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছি।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু তাহের জানান, ব্লক সরানোর জন্য পাউবো ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে৷ কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। ব্লক সরানোর দাবিতে ছাত্ররা একাধিকবার মিছিল করেছে এবং সম্প্রতি বালুর স্তূপ ঘেরা টিনের বেড়া ভাঙচুর করেছে।
সাঘাটা উপজেলার চিনিরপটল গ্রামের এক শিক্ষার্থীর অভিভাবক আবদুর রাজ্জাক অভিযোগ করেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ সুবিধা নিয়ে মাঠে সিসি ব্লক রাখার অনুমতি দিয়েছে। তারা শিক্ষার্থীদের স্বার্থ দেখেনি।’
এ বিষয়ে প্রধান শিক্ষক মোজাম্মেল হক বলেন, ‘অভিযোগ ভিত্তিহীন৷ যেহেতু এগুলো সরানো হচ্ছে না, তাই মানুষের এমন ধারণা হওয়া স্বাভাবিক।’