বিদ্যালয়ের মাঠে স্থায়ী জলাবদ্ধতা!
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।গত রোববার বেলা ১১টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, মাঠে প্রায় হাঁটুপানি জমে আছে। শিক্ষার্থীরা ক্লাস করছে। বারান্দা থেকে শুরু করে পুরো মাঠে পানি। পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, মাঠ খুব নিচু। পানি বের হতে পারে না। সড়ক ও আশপাশের বাড়িঘর সবই উঁচু। সব পানি এসে এখানে জমে যায়। বছরের আট মাসই স্কুলের সামনে এভাবে পানি আটকে থাকে। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে ৫৩৩ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। শিক্ষক আছেন নয়জন। সহকারী শিক্ষক রেহানা খাতুন বলেন, মাঠে পানি থাকায় সমাবেশ করা যায় না। কোনোমতে বারান্দায় শিশুদের দাঁড় করিয়ে সমাবেশ করতে হয়। আরেক শিক্ষক উম্মে বতুয়া বলেন, ‘এটা পানিবন্দী পাঠশালা। শিশুদের শ্রেণীকক্ষের বাইরে পা রাখার জায়গা নেই। আমরা বসি সিঁড়িঘরে।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওসমান গনী বলেন, ‘সত্যিই পানির জন্য বিদ্যালয়ের সমস্যা দেখা দিয়েছে। পরিষদের সভায় বলেছি। কিন্তু কাজ হচ্ছে না।’