বিদ্যালয়ের মাঠে হচ্ছে সভাপতির ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবদুস সাত্তারের বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল করে অবৈধভাবে ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে। এলাকাবাসী ভবন নির্মাণ বন্ধ করতে জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত আবেদন করেছেন। তবে আবদুস সাত্তার দাবি করেন, তাঁর নিজের কেনা জমিতেই তিনি ভবন নির্মাণ করছেন। সদর উপজেলার জাগীর ইউনিয়নের জয়রা গ্রামের বাসিন্দা ফণীন্দ্র লাল দাস (৮০) বলেন, বিদ্যালয়টি বর্তমানে যে স্থানে স্থাপিত, সেখানে তাঁর ১৫৭ শতক জমি ছিল। এর মধ্যে ১৯৯৪ সালে তিনি বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য প্রথমে ৭০ শতক জমি নামমাত্র মূল্য ২৫ হাজার টাকায় বিক্রি করেন। কিন্তু ওই টাকাও তিনি নেননি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলামও সাত শতক জমি দান করেন। বিদ্যালয়টির পরিধি বাড়ানো ও মাঠের জন্য পরবর্তী সময়ে তিনি আরও ৩৬ শতক জমি দান করেন। ফণীন্দ্র দুঃখ করে বলেন, ‘আমি বৃদ্ধ, চলতে-ফিরতে পারি না। তাই স্কুল কর্তৃপক্ষ আমার কোনো খোঁজখবর নেয় না। স্কুলের কোনো অনুষ্ঠান হলেও আমি জানি না। আর এখন শুনছি, স্কুলের জায়গাও নাকি দখল হয়ে যাচ্ছে।’ এলাকাবাসীর অনেকে জানান, এ ঘটনায় তাঁদের মধ্যে বেশ কয়েক দিন ধরে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে তাঁরা বহুবার আলোচনা সভা ও গণজমায়েতের মতো কর্মসূচি দিয়েছেন। গত বুধবার তাঁরা মানববন্ধন কর্মসূচিরও উদ্যোগ নেন। এলাকাবাসী আরও জানান, অনুদানস্বরূপ নামমাত্র মূল্যে ওই বিদ্যালয়ের জন্য ফণীন্দ্র জমি বিক্রি করেন। এরপর স্থানীয় জয়রা গোহাট ও অন্যান্য তহবিলে জমা করা টাকা দিয়ে বিদ্যালয়ের নামে দলিল সম্পন্ন করা হয়। বিদ্যালয়ের মাঠের জন্য কেনা ৩৬ শতক জমি সাত্তার নিজের দাবি করে সেখানে বহুতল ভবন নির্মাণের চেষ্টা করছেন। জাগীর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. শামসুর রহমান ও আবদুল জলিল, সেলিম আহম্মেদসহ আরও অনেকে জানান, মাঠের জায়গা দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের চেষ্টা করছেন সাত্তার। এ জন্য ইট ও খোয়া কিনেও মাঠের পাশে রাখা হয়েছে। বিদ্যালয়ের মাঠ দখল করে ভবন নির্মাণ বন্ধের প্রতিবাদে তাঁরা বুধবার মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। পরে সাত্তারের ছোট ভাই জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. লিয়াকত আলীর আলোচনা বৈঠক করার আশ্বাসে তাঁরা এ কর্মসূচি স্থগিত করেন। বুধবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের নিচু মাঠ জলাবদ্ধ অবস্থায় আছে। মাঠের দক্ষিণ পাশে ইট ও খোয়া পড়ে আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম অসুস্থ থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক মাহবুবা আক্তার বলেন, বিদ্যালয়ের প্রায় ১০০ শতক জমির জন্য পৌরসভাকে খাজনা দেওয়া হয়। তবে বিদ্যালয়ের জমিতে বা মাঠে ভবন নির্মাণের চেষ্টা চলছে কি না, এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব দেননি। আবদুস সাত্তার বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার সময় তিনি নিজেও জমি দান করেছেন। তাঁর প্রচেষ্টাতেই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। ৩৬ শতক জমি তিনি ফণীন্দ্র লালের কাছ থেকে রেওয়াজ-বদল করেছেন। তাঁর জমিতেই তিনি ভবন নির্মাণ করছেন। মানিকগঞ্জের শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বার বলেন, জমির বিষয়টি তাঁর জানা নেই। লিয়াকত আলী বলেন, বিষয়টি মীমাংসার জন্য আলোচনা বৈঠকে বসার কথা রয়েছে। জেলা প্রশাসক মো. মাসুদ করিম প্রথম আলোকে বলেন, এলাকাবাসীর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টির খোঁজখবর নেওয়া হবে। পরে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।