বিদ্যালয়ের মাঠে হাঁটুপানি দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে পানি জমে আছে। ছবিটি গত শনিবার দুপুরে তোলা l প্রথম আলো
শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে পানি জমে আছে। ছবিটি গত শনিবার দুপুরে তোলা l প্রথম আলো

শেরপুরের নালিতাবাড়ী শহরের পৌরসভা মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে হাঁটুপানি জমে আছে। পানি সরানোর ব্যবস্থা না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের পানি ও কাদা মাড়িয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হচ্ছে।
গত শনিবার দেখা যায়, ষষ্ঠ শ্রেণির কক্ষে পানি ওঠায় সপ্তম শ্রেণির কক্ষে বেড়া দিয়ে দুটি শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে। ক্লাস চলাকালে এক বেঞ্চে পাঁচ-ছয়জন করে শিক্ষার্থী বসে আছে। ছুটি হলে মাঠে পাড়ার শিশুরা জাল পেতে মাছ ধরা শুরু করে।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হাবিবা নুসরাত বলে, মাঠে পানি থাকায় প্রতিদিন কেউ না কেউ পড়ে যাচ্ছে। এতে কাপড় ভিজে যায়। বই-খাতাও নষ্ট হয়ে যায়। পানি সরানোর ব্যবস্থা হলে তাদের জন্য ভালো হতো।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০০১ সালে পৌর শহরের কালিনগর এলাকায় ৫০ শতাংশ জমির ওপর বিদ্যালয়টি স্থাপন করা হয়। বিদ্যালয়ে ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় দুই বছর ধরে বর্ষাকালে বিদ্যালয়ের মাঠে ও ভবনে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীদের শারীরিক কসরত বন্ধ রাখতে হয়। গত ২ জুন থেকে বিদ্যালয়ের মাঠে হাঁটু পর্যন্ত পানি উঠেছে। এ পানিতে একটি শ্রেণিকক্ষ ডুবে যায়।
পাঁচজন শিক্ষক বলেন, পৌরশহরের কালিনগর বাইপাস সড়কের ওপরের একটি কালভার্ট দিয়ে বিদ্যালয় ও আশপাশে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশন হতো। কিন্তু দুই বছর আগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সড়ক প্রশস্ত করায় সেই কালভার্টটি ভেঙে ফেলা হয়। পানি নিষ্কাশনের আর কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে বিদ্যালয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম বলেন, এ সমস্যা সমাধানের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ গত বছরের নভেম্বর মাসে সওজের নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদন করে। কোনো পদক্ষেপ না নেওয়ায় ৭ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তাঁরা লিখিত অভিযোগ দেন।
শেরপুর সওজের উপসহকারী প্রকৌশলী মো. সাঈদ উদ্দিন বলেন, পানি নিষ্কাশনের কালভার্ট নির্মাণের জন্য তাঁদের পক্ষ থেকে একাধিকবার পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু বিদ্যালয়ের আশপাশের জমি নিচু থাকায় এবং বিদ্যালয়ের পেছনে ঘরবাড়ি ও সড়ক থাকায় কালভাট নির্মাণ করা সম্ভব হয়নি। এখন পানি নিষ্কাশনের জন্য স্কুল কর্তৃপক্ষকে বিকল্প ব্যবস্থা নিতে হবে।
ইউএনও তরফদার সোহেল রহমান বলেন, ‘বিদ্যালয়ে জলাবদ্ধতার বিষয়টি দেখেছি। পৌরসভার মেয়রকে সঙ্গে নিয়ে জলাবদ্ধতা নিরসনের পদক্ষেপ নেওয়া হবে।’