বিদ্যালয়ের মাঠেও চাষ, চুল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় তামাক চাষ আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়েছে। চলতি বছরে উপজেলার ছয় হাজার একর জমিতে তামাক চাষ হয়েছে। তামাক চাষে তামাক কোম্পানিগুলো চাষিদের বিভিন্নভাবে সহযোগিতা করায় চাষিরা অন্য ফসল বাদ দিয়ে তামাক চাষে ঝুঁকে পড়ছেন। তামাক শোধনে উপজেলার পাঁচটি ইউনিয়নে ছয় শতাধিক তামাকচুল্লিতে কাঠ পোড়ানোর প্রস্তুতি চলছে। উপজেলার চমড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও তামাক চাষ হচ্ছে। বিদ্যালয়ের পাশে স্থাপন করা হয়েছে পাঁচটি তামাকচুল্লি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নে গত বছর তিন হাজার একর জমিতে তামাকের চাষ হয়েছিল। চলতি বছরে প্রায় ছয় হাজার একর জমিতে তামাক চাষ করা হয়েছে। সরেজমিন দীঘিনালার মেরুং, কবাখালী ও বাবুছড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, কয়েক বছর আগে যেখানে রবি শস্যের আবাদ হতো, সেখানে এখন তামাক চাষ হচ্ছে। ওই তিনটি ইউনিয়ন ঘুরে তামাক খেতের পাশে অনেক তামাকচুল্লি দেখা গেছে। এসব চুল্লির পাশে পোড়ানোর জন্য স্তূপ করে রাখা কাঠ দেখা গেছে। চাষিরা জানান, জমির মালিকেরা তামাকচাষিদের জমি বর্গা দিলে টাকা বেশি পান। তাই অন্য ফসলের চাষিদের জমির মালিকেরা এখন আর জমি বর্গা দিতে চান না। চাষি আব্দুর রহিম জানান, গত বছর আলু চাষ করে লোকসান দিয়েছি। কৃষি বিভাগ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় না। অথচ তামাক চাষ করলে তামাক কোম্পানির প্রতিনিধিরা প্রতিদিন ভালোমন্দের খোঁজখবর নেন। রহিমের মতো অনেক চাষির একই অভিযোগ। চাষিরা জানান, বর্তমানে দীঘিনালায় কয়েকটি তামাক কোম্পানি চাষিদের ঋণ, কীটনাশক, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ সরবরাহ করে তামাক চাষে তাঁদের উদ্বুদ্ধ করছে। অন্যদিকে চাষিরা ব্যাংক থেকে ঋণ পেতে নানা হয়রানির শিকার হন। তাই চাষিরা তামাক চাষে ঝুঁকে পড়ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তামাক চাষি জানান, ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে চুল্লিতে তামাক শোধন শুরু হবে। এ জন্য উপজেলায় প্রায় ৬০০ চুল্লি স্থাপন করা হয়েছে। এসব চুল্লিতে কাঠের জোগান দিতে উজাড় করা হচ্ছে আশপাশের বন। তামাক চাষিরা জানান, প্রতি মৌসুমে একটি তামাক চুল্লিতে ৩২ মেট্রিক টন লাকড়ির প্রয়োজন হয়। কাঠুরিয়ারা বন থেকে কাঠ সংগ্রহ করে এসব চুল্লিতে বিক্রি করেন। এ ব্যাপারে বন বিভাগে কয়েকবার যোগাযোগ করার পরও বন বিভাগের কোনো কর্মকর্তার দেখা পাওয়া যায়নি এবং বক্তব্য নেওয়াও সম্ভব হয়নি। তামাক খেত ও তামাকচুল্লিগুলোয় অনেক নারী ও শিশুশ্রমিক কাজ করছে। তাদের অনেকে এখন শ্বাসকষ্টের রোগী। মধ্য বেতছড়ি এলাকার রহিমা খাতুন (৩৫) জানান, তামাক খেতে কাজ করতে করতে তাঁর এখন শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তিনি বলেন, এলাকায় যেহেতু অন্য কাজ নেই, তাই পেটের তাগিদে তামাক খেতেই কাজ করতে হচ্ছে। দীঘিনালার পরিবেশ সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক জাকির হোসেন বলেন, গ্রামের মধ্যে তামাক চুল্লি স্থাপন, তামাক খেতে শক্তিশালী কীটনাশক ব্যবহার ও তামাকচুল্লিতে কাঠ পোড়ানো পরিবেশের জন্য হুমকিস্বরূপ। আর তামাক শোধনের সময় তামাকচুল্লি থেকে নির্গত ধোঁয়া আশপাশের গ্রামে ছড়ালে গ্রামবাসীর স্বাস্থ্যের জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দীঘিনালা কার্যালয়ে সব দায়িত্বশীল কর্মকর্তার পদ শূন্য। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ির উপপরিচালক আবদুল মালেক বলেন, ‘কৃষি বিভাগ থেকে কৃষকদের সহযোগিতা না করার অভিযোগ সত্য নয়। চাষিদের তামাক চাষে নিরুত্সাহিত করতে আমরা প্রচারণা চালানোর উদ্যোগ নিচ্ছি।’দীঘিনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান মিঞা বলেন, তামাকচুল্লিগুলোতে কাঠ পোড়ানো হলে এর বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। শিগগির তামাকচুল্লিগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।