বিদ্যালয়ের মেঝে থেকে বেরিয়ে আসছে সাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের ২০ নম্বর মধ্যারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির মেঝে থেকে গতকাল মঙ্গলবার পর পর পাঁচটি বিষধর সাপ বেরিয়ে আসে। এ সময় আতঙ্কে শিক্ষার্থী ও শিক্ষকেরা শ্রেণিকক্ষ ছেড়ে চলে যান।
দুই মাস আগেও ওই পুরাতন ভবনের ভাঙা অংশ দিয়ে দুটি বিষধর গোখরা সাপ বেরিয়ে এসেছিল। এতে সাপ আতঙ্কে দিনে দিনে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জসিমউদ্দিন জানান, গতকাল বেলা ১১টার দিকে বিদ্যালয়ের পুরাতন ভবনের শিশু শ্রেণিতে পাঠদান চলার সময় মেঝের ভাঙা অংশ দিয়ে চার হাত লম্বা একটি বিষধর গোখরা সাপ বেরিয়ে আসে। আতঙ্কে শিশু ছাত্রছাত্রীরা ও শিক্ষক দৌড়ে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে চলে যান। এ ঘটনায় সব ছাত্রছাত্রী বিদ্যালয় ভবন ছেড়ে দূরে চলে যায়। পরে শিক্ষকেরা স্থানীয় লোকজনের সহযোগিতায় সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। এর কিছুক্ষণ পর আরও একটি সাপ বের হয়ে আসে। এটিও সবাই মিলে পিটিয়ে মেরে ফেলেন। কিছুক্ষণ পর পর আরও তিনটি গোখরা সাপ বেরিয়ে আসে। এভাবে বেলা দুইটা পর্যন্ত স্কুলের শিক্ষক ও স্থানীয় লোকজন সাপ নিধনে ব্যস্ত থাকেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকলিমা বেগম জানান, দুই মাস আগেও ওই পুরাতন ভবনের ভাঙা অংশ দিয়ে দুটি গোখরা সাপ বেরিয়ে আসে। পরে সাপ দুটি মেরে ফেলা হয়। তাঁর ধারণা, এই পুরাতন ভবনের ভাঙা অংশে আরও অনেক বিষধর সাপ আছে। বিদ্যালয়টিতে প্রায়ই বিষধর গোখরা সাপ বেরিয়ে আসায় সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এতে দিনে দিনে বিদ্যালয়টিতে শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা কমে যাচ্ছে।
এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুল হক প্রথম আলোকে জানান, কেউ এ বিষয়ে তাঁকে কিছু জানায়নি। তবে খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।