বিদ্যালয়ের মেঝে দেবে আট শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেঝে দেবে গিয়ে আট শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল রোববার উপজেলার মুক্তিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন জানান, বিদ্যালয়ের একটি কক্ষে সকাল সাড়ে নয়টার দিকে ৪০-৫০ জন শিক্ষার্থীকে নিয়ে শিশু শ্রেণীর ক্লাস চলছিল। হঠাৎ কক্ষের মেঝে দেবে পড়লে বেঞ্চে বসা শিক্ষার্থীরা বেঞ্চসহ নিচে (গর্তে) পড়ে যায়। এতে শান্তা আক্তার (৫), মিলি আক্তার (৫), আশিক মিয়া (৬), আশরাফুল ইসলাম (৬), পলি আক্তারসহ (৬) আট শিক্ষার্থী আহত হয়। গুরুতর আহত শান্তা ও মিলিকে সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মতলব উত্তর উপজেলা শিক্ষা কর্মকর্তা বশিরুল আলম বলেন, ‘গত শনিবার বৃষ্টি হওয়ায় বিদ্যালয়ের শিশু শ্রেণীর মেঝের নিচের মাটি সরে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। শিক্ষকেরা বিষয়টি আগে আমাদের জানাননি। জানালে এ ঘটনা এড়ানো যেত। ঘটনার পর থেকে ওই কক্ষটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।’মতলব উত্তরের ইউএনও আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, ওই শ্রেণীকক্ষ সিলগালা করা হয়েছে। বিদ্যালয়ের অন্য কক্ষগুলোর মেঝে ঠিক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।