বিদ্যালয়ের শতাধিক গাছ বেচে দিল পরিচালনা কমিটি!
বরিশালের গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরের শতাধিক গাছ বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গাছক্রেতা গত শুক্রবার ১৪টি গাছ কেটে নেওয়ার চেষ্টা করেছেন। বিদ্যালয় পরিচালনা কমিটি গাছগুলো স্থানীয় এক ব্যক্তির কাছে এক লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী ও বিদ্যালয় পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলা সদরের গৌরনদী-আগৈলঝাড়া সড়কের উত্তর পাশে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে মেহগনি, চাম্বল, রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় কয়েক শ গাছ রয়েছে।পরিচালনা কমিটির সাবেক সহসভাপতি মো. সরোয়ার হোসেন খান অভিযোগ করেন, গত বুধবার স্কুল কমিটির কতিপয় সদস্য ব্যক্তিস্বার্থে গোপন বৈঠক করে গাছ বিক্রির সিদ্ধান্ত নেন। তাঁরা স্কুল চত্বরে থাকা ছোট-বড় শতাধিক গাছ রুহুল সরদার নামের এক গাছ ব্যবসায়ীর কাছে এক লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে গাছ ব্যবসায়ীরা গোপনে ছয়জন শ্রমিক নিয়ে গাছ কাটা শুরু করেন। তাঁরা ১৪টি গাছ কাটেন।রুহুল সরদার গাছ কেনার কথা অস্বীকার করেন। তিনি জানান, তাঁকে দিয়ে গাছ কাটানো হচ্ছিল।স্থানীয় লোকজন জানায়, খবর পেয়ে পরিচালনা কমিটির সাবেক সভাপতি সেলিম সরদার, স্থানীয় কয়েকজন বিকেল তিনটায় ঘটনাস্থলে গিয়ে গাছ কাটায় বাধা দেন। এ নিয়ে পরিচালনা কমিটির সদস্য কবির হোসেন খান, কালাম সরদারসহ অন্যদের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। পরে শ্রমিকেরা গাছগুলো ফেলে রেখে চলে যান।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমলকৃষ্ণ সিকদার বলেন, দুটি গাছ কাটার সিদ্ধান্ত হয়েছে। পরিচালনা কমিটির সদস্য মো. কবির হোসেন খান ও কালাম সরদার বলেন, জানুয়ারিতে কমিটির সভায় রেজুলেশন করে বেঞ্চ তৈরির জন্য মেহগনি, রেইনট্রিসহ ছয়টি গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। শতাধিক গাছ বিক্রি ও ১৪টি গাছ কাটার অভিযোগ সত্য নয়।