বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বর্জন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বহরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বর্জন গতকাল মঙ্গলবারও অব্যাহত ছিল। শিক্ষকের ওপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাস না করার ঘোষণা দিয়েছে।বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে গত রোববার পরিচালনা কমিটির বিদায়ী সভাপতি ও কুশনা ইউনিয়নের বহরমপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম প্রধান শিক্ষক নূর ইসলামকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ওই দিনই ক্লাস বর্জন শুরু করে।নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রবিউল ইসলাম প্রধান শিক্ষকের ওপর চাপ সৃষ্টি করে কমিটির মেয়াদ ছয় মাস বাড়ানোর ব্যবস্থা করেন। বর্ধিত মেয়াদ শেষে প্রধান শিক্ষক নির্বাচনের তফসিল ঘোষণা করলে তিনি (রবিউল) তা বাতিল করে দেন। তিনি আবার তাঁকে সভাপতি করে শিক্ষা বোর্ড থেকে তা অনুমোদন করিয়ে আনার জন্য প্রধান শিক্ষককে চাপ দেন। বর্ধিত ছয় মাসেও নির্বাচন না হওয়ায় বোর্ডের পক্ষ থেকে নির্বাচনের জন্য আরও আড়াই মাস সময় দেওয়া হয়। প্রধান শিক্ষক আবারও তফসিল ঘোষণা করেন। কিন্তু আবারও তা বাতিল করে দেন রবিউল।প্রধান শিক্ষক নূর ইসলাম বলেন, বর্ধিত আড়াই মাসও শেষ হয়ে যাচ্ছে আগামী ২১ জুলাই। এর মধ্যে নির্বাচন না হলে কমিটি বাতিল হয়ে যাবে এবং পদাধিকারবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতি হবেন। বিষয়টি বুঝতে পেরে সভাপতি রবিউল এখন তফসিল ঘোষণা করতে বলছেন। কিন্তু প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা কার্যালয় থেকে জেনেছেন, এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব নয়। তাই তিনি তফসিল ঘোষণা করেননি।বিদ্যালয়ের অপর শিক্ষকেরা বলেন, প্রধান শিক্ষককে মারধরের ঘটনার বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। শিক্ষকেরা স্কুলে গেলেও শিক্ষার্থীরা কেউ স্কুলে আসছে না।প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ অস্বীকার করে রবিউল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়েছে মাত্র। এ জন্য শিক্ষার্থীদের ক্লাস বর্জন করা ঠিক হচ্ছে না। কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহর আলী বলেন, ক্লাস বর্জনের খবর তিনি গতকাল (মঙ্গলবার) শুনেছেন।কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্রাম হোসেন বলেন, এ ঘটনায় প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ দুর্বল হওয়ায় তিনি সেটা সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করেছেন।