বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগ
নেত্রকোনার পূর্বধলা উপজেলার পাটরা দামপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাসেম জালিয়াতি করে নিজেই প্রকল্প কমিটির সভাপতি সেজে বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সাইদুল ইসলাম গত ৩০ আগস্ট ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন। কমিশনের উপপরিচালক জাহাঙ্গীর আলম অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।
বিদ্যালয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় পাটরা দামপাড়া উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের আলাদা শৌচাগার নির্মাণের জন্য বিশেষ প্রকল্প বরাদ্দ দেয় জেলা প্রশাসনের ত্রাণ শাখা। বরাদ্দ ধরা হয় পাঁচ মেট্রিক টন গম, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মো. আবুল কাসেম একটি ভুয়া প্রকল্প কমিটি তৈরি করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে বিদ্যালয়টির প্রকৃত নাম ‘পাটরা দামপাড়া উচ্চবিদ্যালয়ের’ স্থলে ‘পাটরা দক্ষিণপাড়া উচ্চবিদ্যালয়’ ব্যবহার করে শৌচাগার নির্মাণের পুরো টাকা আত্মসাৎ করেছেন।
তবে মো. আবুল কাসেম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার সুনাম নষ্ট করতে এত দিন পর কমিটির লোকজন এমন অভিযোগ তুলছেন। আমি ওই পাঁচ টন গম বিক্রি করে ৬০ থেকে ৬৫ হাজার টাকার মতো পেয়েছিলাম। তা দিয়ে পুরোনো টয়লেটটি সংস্কার করেছি। কমিটির লোকজন ওই টাকা ভাগ করে নিতে চাইছিল। দিইনি বলে অপপ্রচার চালাচ্ছেন। এ ছাড়া শিক্ষক নিয়োগসহ অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে তাঁদের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে।’
প্রকল্প কমিটির সদস্যসচিব মো. আবদুল গণি বলেন, ‘আমাকে এই কাজের সদস্যসচিব দেখানো হয়েছে। অথচ আমিই জানলাম মাস কয়েক আগে; যখন ভাউচারসহ অন্যান্য কাগজে স্বাক্ষর নিতে এসেছিল। তখন দিইনি।’ তিনি আরও বলেন, এখন শৌচাগার নির্মাণের কাজ করতে চাইলেও এলাকাবাসী তা দিচ্ছে না।
পূর্বধলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মীর মোর্শেদ রানা বলেন, ‘টয়লেট নতুন করে নির্মাণের কাজ শতভাগ হয়েছে। এতে দুর্নীতি হয়নি। আমি গিয়ে দেখে এসেছিলাম।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিদ্যালয়ের নাম পরিবর্তন হয়নি। এটা টাইপে ভুল হয়েছে। আর রেজুলেশন করে, প্রকল্প কমিটি করে তা জমা দেওয়া হয়েছিল। তাই আমি ডিও সই করেছি।’