বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পালিকান্দা-আশরাফপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনার প্রতিবাদে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির অপসারণের দাবিতে রোববার এলাকাবাসী বিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেছে।এলাকাবাসীর অভিযোগ, গত ৯ আগস্ট পিরব ইউনিয়নের পালিকান্দা-আশরাফপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও পাঠাগার বিজ্ঞান বিষয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফজলুর রহমান মেধাতালিকা উপেক্ষা করে শারীরিক শিক্ষা বিষয়ে নূরুল ইসলাম তালুকদার ও পাঠাগার বিজ্ঞান বিষয়ে জিয়াউর রহমানকে ১২ লাখ টাকা ঘুষ নিয়ে নিয়োগ দেন। প্রধান শিক্ষক আবদুর রশিদ বলেন, নিয়মানুযায়ী ওই দুই শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। তবে বিদ্যালয়ের উন্নয়নের জন্য তাঁদের কাছ থেকে কিছু টাকা অনুদান নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু উন্নয়ন করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।