বিদ্যালয়ের সভাপতি পদে ১৬ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দার আওয়ামী লীগের নেতা বিশ্বনাথ চক্রবর্তী ১৬ বছর ধরে উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। নিয়ম অনুযায়ী, সরকারি বা বেসরকারি রেজিস্টার্ড কোনো প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে কোনো ব্যক্তি ছয় বছরের বেশি সভাপতির দায়িত্বে থাকতে পারেন না।
বিশ্বনাথ চক্রবর্তী রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এলাকাবাসীর অভিযোগ, দলীয় ক্ষমতা ব্যবহার করে তিনি এত বছর ধরে সভাপতি পদে আছেন।
বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে গোপালপুর বেসরকারি রেজিস্টার্ড বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। ওই বছর বিশ্বনাথ চক্রবর্তী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হন। ২০১৩ সালে বিদ্যালয়টি সরকারি হওয়ার পর ওই বছর তিনি আবার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হন।
নগরকান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০০৯ সালের পরিপত্র অনুযায়ী, সরকারি বা বেসরকারি রেজিস্টার্ড কোনো প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি তিন বছর মেয়াদি হবে। এক ব্যক্তি দুইবারের বেশি অর্থাৎ ছয় বছরের বেশি সভাপতির দায়িত্বে থাকতে পারবেন না। কিন্তু বিশ্বনাথ ১৯৯৯ সাল থেকে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি। ২০১৩ সালে এ পরিপত্রের কিছু ধারা সংশোধন করা হলেও ব্যবস্থাপনা কমিটির সভাপতির মেয়াদকাল অপরিবর্তিত আছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা আক্তার বলেন, বিদ্যালয়ের শুরু থেকে বিশ্বনাথ চক্রবর্তী সভাপতি। ২০১৩ সালেও নির্বাচনের মাধ্যমে তিনি ব্যবস্থাপনা কমিটির সভাপতি হন।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন অভিযোগ করেন, ভোটের সময় এলে বিশ্বনাথ চক্রবর্তী তাঁকে ভোট দেওয়ার জন্য অন্যদের ভয়ভীতি দেখান।
অভিযোগ অস্বীকার করে বিশ্বনাথ চক্রবর্তী বলেন, ‘এলাকার লোক আমাকে ভালোবাসেন বলে আমি বারবার নির্বাচিত হই।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নিয়ম হচ্ছে, নির্বাচিত কমিটিকে আগে উপজেলা শিক্ষা কমিটি সভায় সিদ্ধান্ত নিয়ে লিখিতভাবে (রেজ্যুলেশন) অনুমোদন দেবে। তারপর উপজেলা পরিষদের চেয়ারম্যান অনুমোদন দেবেন। কিন্তু ওই বিদ্যালয়ের ক্ষেত্রে উপজেলা শিক্ষা কমিটির অনুমোদন ছাড়াই উপজেলা পরিষদের চেয়ারম্যান অনুমোদন দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহীনুজ্জামান বলেন, ব্যবস্থাপনা কমিটির কাগজে তিনি স্বাক্ষর করেছেন কি না মনে করতে পারছেন না।