বিদ্যালয়ের সভাপতির অপসারণ দাবি, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বুধবার দুপুরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা জানায়, ব্যবস্থাপনা কমিটির সভাপতি নজরুল ইসলাম গত ১০ আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সরকারের বিরুদ্ধে অদক্ষতা, স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মের অভিযোগ এনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সাংসদ আ ক ম মোজাম্মেল হকের কাছে লিখিত অভিযোগ দেন। বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তদন্তের নির্দেশ দেন মন্ত্রী। পরে বিষয়টি তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলামকে দায়িত্ব দেন ইউএনও। গতকাল ওই স্কুলে তদন্তের জন্য যান সিরাজুল ইসলাম। এ সময় শিক্ষার্থীরা নজরুল ইসলামের অপসারণের দাবিতে বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ মিছিল করতে থাকে। পরে সিরাজুল ইসলাম বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিক্ষোভ বন্ধ করে।
সুভাষ চন্দ্র সরকার বলেন, সভাপতি স্কুলের সহকারী শিক্ষক বিনয় কুমারকে মানসিকভাবে অত্যাচার করেছেন ও স্কুলের পিয়নকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। এর প্রতিবাদে ছাত্রীরা তাঁর অপসারণ চেয়ে গতকাল বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ মিছিল করে।
নজরুল ইসলাম বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে তদন্ত বানচাল করার উদ্দেশ্যে প্রধান শিক্ষক ছাত্রীদের দিয়ে আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করিয়েছেন। এ ছাড়া আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আমি কোনো শিক্ষককে অত্যাচার করিনি এবং কোনো পিয়নকে ঘাড় ধাক্কা দিইনি।’
কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম বলেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করে আসছেন। গতকাল দুপুরে অভিযোগ তদন্তে সেখানে যাওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মনোভাব ব্যক্ত করে ব্যবস্থাপনা কমিটির সভাপতির অপসারণের দাবি জানায়।