বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে আয়াকে যৌন নিপীড়নের অভিযোগ
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার উত্তর জামশা বশির উদ্দিন ফাউন্ডেশন উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল লতিফের বিরুদ্ধে ওই িবদ্যালয়েরই এক আয়াকে যৌন নিপীড়ন করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গত ৮ মে ওই আয়া মানিকগঞ্জের বিচারিক হাকিমের আদালতে মামলা করেছেন৷ গত ১৭ মে মামলাটি তদন্ত করার জন্য সিঙ্গাইর থানা-পুলিশকে নির্দেশ দেন আদালত৷
মামলার তদন্ত কর্মকর্তা এবং সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউদ্দিন উজ্জ্বল বলেন, তদন্তে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রায় এক সপ্তাহ আগে তদন্ত প্রতিবেদনটি আদালতে দাখিল করা হয়েছে৷ মামলাটি তুলে নেওয়ার জন্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল লতিফ হুমকি-ধমকি দিয়ে আসছেন বলে ওই আয়া অভিযোগ করেছেন।
ভুক্তভোগী ওই আয়া এবং মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৯ বছর ধরে ওই বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে আয়া পদে চাকরি করছেন ওই নারী৷ সম্প্রতি ওই পদে স্থায়ী ভিত্তিতে চাকরি দেওয়ার কথা বলে ওই নারীর কাছ থেকে ৪০ হাজার টাকা উৎকোচ নেন আবদুল লতিফ৷ এক পর্যায়ে ওই নারীকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। এর পর থেকে তাঁকে নানাভাবে যৌন নিপীড়ন করেছেন লতিফ৷ গত ১৮ মার্চ দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে তাঁর কক্ষে চা নিয়ে আসার পর লতিফ তাঁকে ধর্ষণ করার চেষ্টা করেন৷
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আবদুল লতিফ।