বিদ্যালয়ের সাইনবোর্ড থেকে মমিনুল মউজদীনের নাম বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরের ‘মমিনুল মউজদীন আদর্শ শিশুশিক্ষা নিকেতন’-এর সাইনবোর্ড থেকে এবার প্রয়াত পৌর চেয়ারম্যান কবি মমিনুল মউজদীনের নাম মুছে ফেলা হয়েছে। গত শুক্রবার রাতে এই নাম পরিবর্তন করে নতুন সাইনবোর্ড লাগানো হয়। এর আগে বিদ্যালয়ের প্রশ্ন ও খাতাপত্র থেকে নাম বাদ দেওয়া হয়েছিল।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মমিনুল মউজদীন ২০০৭ সালের ১৫ নভেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত হন। এরপর তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পৌরসভা প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠান মমিনুল মউজদীনের নামে করার সিদ্ধান্ত নেয় পৌর পরিষদ ও বিদ্যালয় পরিচালনা কমিটি। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৫ জানুয়ারি প্রাথমিক শিক্ষা, সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক আদেশে এই নামকরণ করা হয়।গত বছর ২৯ জুলাই বিদ্যালয়ের প্রশ্ন ও খাতাপত্র থেকে প্রথম মমিনুল মউজদীনের নাম বাদ দেওয়ার পর তৎকালীন প্রধান শিক্ষক প্রণব কান্তি চক্রবর্তী জানিয়েছিলেন, পৌর মেয়র আয়ুব বখত জগলুলের নির্দেশেই তাঁরা প্রশ্ন থেকে নাম বাদ দেন। মেয়র জগলুল অবশ্য তখন বিষয়টি অস্বীকার করেন। গতকাল শনিবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নতুন সাইনবোর্ডে মমিনুল মউজদীনের নাম নেই। এদিকে গত সোমবার পৌরসভার আটজন কাউন্সিলর এক সংবাদ সম্মেলনে জানান, মেয়রের একক সিদ্ধান্তেই এই নাম পরির্বতন করা হয়েছে। পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বলেন, ‘সুনামগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত মমিনুল মউজদীনের শোকসভায় দেশবরেণ্য ব্যক্তিরা এই নামকরণের প্রস্তাব করেছিলেন। এরপর বিধি মোতাবেক সিদ্ধান্ত নিয়েই নামকরণ করা হয়েছে। এখন হঠাৎ করে এই নাম কেউ পরিবর্তন করতে পারেন না।’ এ ব্যাপারে পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল সাংবাদিকদের জানান, এ বিষয়ে হাইকোর্টের একটি আদেশ রয়েছে। ওই আদেশ পর্যালোচনা করে এবং পৌর পরিষদ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্তে নাম পরিবর্তন করা হয়েছে।