বিদ্যালয়ের সামনে আবর্জনার স্তূপ

সিলেট নগরের পাঠানটুলা এলাকার মূল সড়কের পাশেই পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়-সংলগ্ন ফুটপাত ঘেঁষে একটু খালি জায়গা আছে। সেখানে প্রতিদিনই আশপাশের বাসাবাড়ি ও দোকান থেকে ময়লা-আবর্জনা ফেলা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ বারবার নিষেধ করেও সমাধান পাচ্ছে না। এ অবস্থায় উৎকট দুর্গন্ধ সহ্য করেই পাঠ নিতে হচ্ছে হাজারো শিক্ষার্থীকে।
সম্প্রতি এক সকালে সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে দুটি স্থানে ময়লা-আবর্জনার স্তূপ জমে আছে। পরিত্যক্ত কাগজ, প্লাস্টিক থেকে শুরু করে বাসাবাড়ির উচ্ছিষ্ট পচা-বাসি খাবার পর্যন্ত রয়েছে তাতে। ফুটপাত দিয়ে হাঁটতে গিয়ে পথচারীরা নাক চেপে চলাচল করছেন। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকেও নাক চেপে স্থানটুকু পার হতে দেখা গেল। বছর দুই ধরে এখানে ময়লা ফেলা হচ্ছে বলে স্থানীয় চারজন বাসিন্দা জানালেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যালয় চালু থাকার সময় স্থানীয়রা ময়লা ফেলেন না। মূলত ছুটির পর থেকেই আশপাশের বাসাবাড়ি ও দোকানপাটের ময়লা-আবর্জনা ফেলা হয়। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা এসব আবর্জনা অনিয়মিতভাবে অপসারণ করে থাকেন। বিদ্যালয়টিতে ৫৮০ জন ছাত্র ও ৫০৮ জন ছাত্রী পড়াশোনা করছে। আবর্জনা যেখানে-সেখানে ছড়িয়ে থাকায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম মজুমদার বলেন, ‘বিদ্যালয়ের পাশেই ময়লা ফেলায় এখানকার সৌন্দর্য নষ্ট হচ্ছে। আমরা ময়লা ফেলতে দেখলে, প্রতিবাদ করি। কিন্তু বিদ্যালয় ছুটি শেষে সন্ধ্যার পরই মূলত লোকজন ময়লা ফেলেন। স্থানটিকে লোকজন এখন ভাগাড় হিসেবেই ব্যবহার করছেন। বিষয়টি আমরা সিটি করপোরেশন কর্তৃপক্ষকেও জানিয়েছি। অবশ্য তারা প্রায়ই এসব আবর্জনা অপসারণ করে নিয়ে যায়।’
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের পাশে ময়লা ফেলে পরিবেশ নষ্ট করার বিষয়টি আমার জানা নেই। ওই এলাকায় আবর্জনার ভাগাড়ের দরকার থাকলে প্রয়োজনে বিদ্যালয় থেকে দূরে কোথাও ভাগাড় নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া বিদ্যালয়ের পাশে যেন কেউ আবর্জনা না ফেলেন, সে বিষয়ে জনসচেতনতা চালানো হবে।’