বিদ্যালয়ের সামনে বালুর স্তূপ শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পৌর শহরের প্রধান সড়কের একপাশে দীর্ঘদিন ধরে বালু রেখে বিক্রি করছেন ব্যবসায়ীরা। সড়কটির যে পাশে বালুর স্তূপ, সে পাশেই একটি নদী আছে, আর অপর পাশে একটি কলেজ ও দুটি বিদ্যালয় রয়েছে। বাতাস শুরু হলে বালু উড়তে থাকায় এই সড়ক দিয়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পথচারীরা চলাফেরা করতে পারে না। একই কারণে সড়কের পাশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রমও ব্যাহত হয়।সরেজমিনে দেখা গেছে, কলাপাড়া শহরের যে পাশে বালু স্তূপ করে রাখা হয়েছে, তার অপর পাশে (প্রধান সড়কের উত্তর পাশে) খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়, কিছু দূরে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলাপাড়া মহিলা কলেজ। তাই পথচারীদের পাশাপাশি এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ওই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে।কলাপাড়া মহিলা কলেজের উচ্চমাধ্যমিকের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রুমা বিশ্বাস জানায়, ওই সড়ক দিয়ে যাতায়াতের সময় বাতাসে বালু উড়ে এসে চোখেমুখে পড়ে। প্রচণ্ড বাতাস হলে অনেকটা পথ ঘুরে কলেজে আসতে হয়।খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র শাফিন মোশারফ বলে, ‘এমন কোনো দিন নাই যেদিন স্কুলে যাওয়ার সময় চোখেমুখে বালু লাগে নাই। স্যারদের প্রত্যেকদিন এ সমস্যার কথা বলি কিন্তু কোনো কাজ হয় না।’ওই এলাকার বালু ব্যবসায়ী মো. সেলিম মিয়া বলেন, ‘এখানকার বেশ কিছু জায়গা আমরা ভাড়া নিয়ে ব্যবসা করছি। আমরাও বুঝি মানুষের চলাচলে একটু অসুবিধা হয়। আমরা চেষ্টা করি যাতে বালু না ওড়ে। এর জন্য পানি দিয়ে বালু ভিজাইয়া দেই, ছালার চট দিয়া ঢেকে রাখি।’খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহদাৎ হোসেন বিশ্বাস বলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির আগামী সভায় বিষয়টি উত্থাপন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, বালু ব্যবাসায়ীদের সঙ্গে আলাপ করে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।