বিদ্যালয়ের সামনে মল, পড়াশোনা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার বাগদহা মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গত মঙ্গলবার রাতে মানুষের মল ফেলে রাখে দুর্বৃত্তরা। দুর্গন্ধে গতকাল বুধবার ক্লাস করতে পারেনি শিশু শিক্ষার্থীরা। ওই মল পাশের মাছের খামারে ব্যবহারের জন্য রাখা হয়েছিল বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, গতকাল সকালে বিদ্যালয়ে এসে তারা প্রচণ্ড দুর্গন্ধ পায়। দেখতে পায় বিদ্যালয়ের সামনের সড়কের পাশে মল ফেলে রাখা হয়েছে। দুর্গন্ধে টিকতে না পেরে শিক্ষার্থীরা এক এক করে বিদ্যালয় ছেড়ে চলে যায়।
বেলা আড়াইটায় গিয়ে দেখা যায়, সড়কের পাশে ফেলা মল দুজন শ্রমিক পরিষ্কার করছেন। রাস্তা দিয়ে চলা পথচারীরা দুর্গন্ধে নাক চেপে চলে যাচ্ছেন।
প্রধান শিক্ষক উৎপল রায় চৌধুরী বলেন, ‘আমরা সকালে ক্লাস চালানোর চেষ্টা করি, কিন্তু একসময় শিক্ষার্থীরা দুর্গন্ধে টিকতে না পেরে চলে যায়।’
মল ফেলার বিষয়টি তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন।
এলাকার তিনজন বাসিন্দা জানান, বাগদহা বিলে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শাহাদত হোনেন, লুৎফর রহমান ও হুমায়ুন কবিরের মাছের ঘের রয়েছে। মাছের খাবার হিসেবে ওই ঘেরে মল ফেলা হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাত দুইটা-তিনটার দিকে বিদ্যালয়ের সামনে মল ফেলা হয়। এর পর থেকে পুরো এলাকা দুর্গন্ধে ভরে হয়ে যায়।
ঘেরমালিক শাহাদত হোসেন বলেন, ‘ওগুলো মল ছিল না। মুরগির বিষ্ঠা ছিল। ওই খাবারগুলো আমাদের না। কে বা কারা এটি ফেলেছে, তা বলতে পারব না।’