বিদ্যালয়ের সামনের রাস্তায় সিটি করপোরেশনের বিপণিবিতান!
রাজশাহী নগরের রাজারহাতা এলাকায় লোকনাথ উচ্চবিদ্যালয়ের সামনে রাস্তার ওপর বিপণিবিতান নির্মাণ করছে সিটি করপোরেশন। কয়েক দিন ধরে রাস্তাটি বন্ধ করে এক পাশে নির্মাণকাজ করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, ১৮২১ সালে নগরের রাজারহাতা এলাকার বিদ্যানুরাগী ব্যক্তিদের প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী প্রায় ৮০০। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিয়েই যাওয়া এই রাস্তা পার্শ্ববর্তী রাজশাহী কলেজ ও রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী সার্ভে ইনস্টিটিউটের লোকজন ব্যবহার করে। নির্মাণাধীন এ রাস্তা রাজশাহী সিটি সেন্টার ও রাজশাহী আঞ্চলিক শিক্ষা কার্যালয়ের কাছে। গুরুত্বপূর্ণ এই সড়কে বিপণিবিতান করা হলে এই রাস্তায় যানবাহন চলাচল কঠিন হয়ে পড়বে। লোকনাথ উচ্চবিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হবে।বৃহস্পতিবার বিকেলে সরেজমিন দেখা যায়, ইতিমধ্যে রাস্তার পূর্ব পাশে দক্ষিণ দিক থেকে ১৮টি দোকানের ভিত্তি তৈরি করা হয়েছে। একই সারিতে আরও প্রায় ১৮টি দোকান নির্মাণের প্রস্তুতি চলছে। রাস্তার দুই পাশে বাঁশ দিয়ে জনসাধারণের চলাচল বন্ধ করে দিয়ে নির্মাণকাজ চালানো হচ্ছে। এ সময় কয়েকজন ছাত্রীকে বাঁশ টপকে রাস্তা পার হতে দেখা যায়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও রাজশাহীর সংস্কৃতিকর্মী রাশেদ আরেফিন বলেন, সাহেববাজার এলাকায় রুদ্ধশ্বাস যানজটের সময় এই রাস্তাটি মানুষ বাইপাস হিসেবে ব্যবহার করে। বাজার বসানোর কারণে রাজশাহী কলেজিয়েট স্কুলের পূর্ব পাশের রাস্তায় সারা দিন পথচারী ও যানবাহন চলাচল করতে পারে না। এই রাস্তাও একইভাবে বন্ধ হয়ে গেলে নগরবাসী চরম ভোগান্তির শিকার হবে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী পার্থ ঘোষ জানান, সাহেব বাজারের যানজট এড়িয়ে তাঁরা এই রাস্তায় কলেজে যাতায়াত করেন। এখানে মার্কেট হলে এদিকেও যানজট তৈরি হবে। তাঁদের দুর্ভোগ এড়ানোর আর উপায় থাকবে না। রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলী বলেন, ‘বিদ্যালয়ের সামনে বিপণিবিতান হলে সেখানে বখাটেরা আড্ডা জমাবে, এই এলাকায় ছাত্রীরা ইভ টিজিংয়ের শিকার হতে পারে।রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, রাস্তা মানুষের চলাচলের জন্য। এই রাস্তার ওপর মার্কেট তৈরি করা মানে জনদুর্ভোগ বাড়ানো। লোকনাথ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সোবহান বলেন, ‘রাস্তাটি সিটি করপোরেশনের। তারা সেখানে মার্কেট করতে পারে। কিন্তু এতে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হবে। শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হবে। রাস্তায় মার্কেট করার বিষয়ে সিটি করপোরেশনের লোকদের কাছে জানতে চেয়েছিলাম। তাঁরা আমাকে বলেছেন, অস্থায়ীভাবে এটা করা হচ্ছে।’রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, নগরের আরডিএ মার্কেটের মুড়িপট্টিতে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। সেখানকার ব্যবসায়ীদের সাময়িকভাবে পুনর্বাসনের জন্য ওই সব দোকানঘর করে দেওয়া হচ্ছে। ওই মার্কেটের একতলা পর্যন্ত নির্মিত হলেই তাঁদের এখান থেকে সরিয়ে দেওয়া হবে। এতে বছর খানেক সময় লাগতে পারে। এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বলেন, ‘মুড়িপট্টির ব্যবসায়ীদের সাময়িক পুনর্বাসনের জন্য কোনো বিকল্প না পেয়ে সেখানে ঘর তৈরি করে দিতে আমরা বাধ্য হয়েছি। এ কাজ করতে পাঁচ-ছয় মাস লাগবে।’