বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ভেঙে ফেলার অভিযোগ
ময়মনসিংহ শহরের সেহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীর এক ব্যক্তি ভেঙে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রধান শিক্ষক নিলুফা ওয়াহিদা বিলকিস জানান, বিদ্যালয়ের সীমানাপ্রাচীর-সংলগ্ন বাড়ির মালিক আমিনুল ইসলাম ফরাজী সংশ্লিষ্ট কারও সঙ্গে কথা না বলেই গত ৫ অক্টোবর রাতে ওই প্রাচীর ভেঙে বাড়ির প্রাচীর নির্মাণ করেন, যার কিছু অংশ বিদ্যালয়ের সীমানায় পড়েছে। পরদিন সকালে তিনি বিদ্যালয়ে গিয়ে এ ঘটনা দেখতে পান। এ ব্যাপরে আমিনুলের সঙ্গে কথা বলতে গেলে তিনি দুর্ব্যবহার করেন এবং ওই সীমানাপ্রাচীর নিজের সম্পত্তি বলে দাবি করেন। ওই দিনই তিনি বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানান। ৭ অক্টোবর আমিনুল উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন।
লিখিত অভিযোগে তিনি দাবি করেন, সীমানাপ্রচীরটি তাঁর নিজের বাড়ির। হঠাৎ ভেঙে যাওয়ায় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে নতুন প্রাচীরটি নির্মাণ করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরে আলম মৃধা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।