বিদ্যালয়ের সেই ঘরটি দখলমুক্ত করা হলো
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছা-রামপুর উপজেলার রূপসদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘর দখলমুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা কক্ষটি বেশ কিছুদিন ধরে দখলে রেখে এটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছিলেন। ওই দিনই কক্ষের সামনে থেকে দলীয় সাইনবোর্ডও অপসারণ করা হয়েছে।জানা গেছে, রূপসদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা রূপসদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘরটি প্রায় চার মাস আগে দখল করেন। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন গত মঙ্গলবার প্রথম আলোয় ‘বিদ্যালয়ে আওয়ামী লীগের কার্যালয়!’ শিরোনামে প্রকাশিত হয়। ওই দিনই উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা কবির হোসেন ওই বিদ্যালয়ের কার্যালয়ে একটি বৈঠক করেন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন, ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফেরদৌস আহমেদ, প্রধান শিক্ষিকা মমতাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম বলেন, দখলমুক্ত হওয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে ওই ঘরে আবার ক্লাস শুরু হয়েছে।