বিদ্যাসাগর রোকেয়া ট্রাস্টের যাত্রা শুরু
বর্তমান শিক্ষাব্যবস্থা পরীক্ষামুখী, ফলাফলনির্ভর ও মুখস্থবিদ্যায় পরিণত হয়েছে। এ থেকে বেরিয়ে আসতে হলে শিক্ষায় সমাজের সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে।
গতকাল শুক্রবার সিরডাপ মিলনায়তনে ‘বিদ্যাসাগর-রোকেয়া ট্রাস্ট’ আয়োজিত পরামর্শ সভায় এ কথা বলা হয়। ট্রাস্ট ফলাফল ও পরীক্ষানির্ভর মুখস্থবিদ্যার পরিবর্তে শিক্ষায় গুণগত পরিবর্তনে সামাজিক সম্পৃক্ততার ডাক দিয়ে পথচলা শুরু করেছে। এর স্লোগান ‘লক্ষ লোকের শিক্ষাযাত্রা’।
ট্রাস্টের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের মনকে আরও বড় কিছু ভাবার সুযোগ করে দিতেই এই ট্রাস্ট করা হয়েছে।
ট্রাস্টের সম্পাদক ও সাংবাদিক আবুল মোমেন জানান, শিক্ষানুরাগী ও মুক্তচিন্তার মানুষের অনুদানে ১০ কোটি টাকার প্রাথমিক তহবিল নিয়ে ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। জনপ্রতি এক হাজার টাকা করে অনুদান দিলে এক লাখ লোক শিক্ষাযাত্রার সঙ্গী হতে পারবেন। এই ১০ কোটি টাকা ব্যাংকে গচ্ছিত রেখে এর লভ্যাংশের ৮০ শতাংশ ট্রাস্টের কাজে ব্যবহার করা হবে। তিনি জানান, ট্রাস্টিদের মধ্যে আছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, জাদুশিল্পী জুয়েল আইচ, প্রত্নতত্ত্ববিদ শামসুল হোসাইন, ফুলকির প্রতিষ্ঠাতা শীলা মোমেন ও আইনজীবী হরিসাধন দেবব্রহ্মণ।