বিদ্যুচ্চালিত যানবাহন এখনো বেআইনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বিশ্বেই ধোঁয়াবিহীন বিদ্যুচ্চালিত যানবাহন ব্যবহার উৎসাহিত করা হয়। বিভিন্ন দেশের সরকার এ ক্ষেত্রে কর রেয়াত, বিনা মূল্যের পার্কিংসহ নানা ধরনের প্রণোদনা দেয়। জীবাশ্ম জ্বালানিচালিত মোটরের পরিবর্তে ইলেকট্রিক মোটর তৈরিতে গাড়িনির্মাতাদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছে। এ খাতে গবেষণায় বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। অথচ বাংলাদেশের আইনে এখনো বিদ্যুচ্চালিত গাড়ি বৈধ নয়। ঢাকায় বিদ্যুচ্চালিত মোটরসাইকেলও চলতে দেয় না পুলিশ।
জার্মানি, নরওয়েসহ ইউরোপের কয়েকটি দেশ বৈদ্যুতিক গাড়ি ও চার্জিং স্টেশনের জন্য বিশেষ বরাদ্দসহ গাড়ির ক্রেতাদের জন্য কর রেয়াত, বিনা মূল্যে চার্জ ও পার্কিং সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। মার্কিন বৈদ্যুতিক গাড়িনির্মাতা টেসলার নতুন গাড়ি ‘মডেল-৩’ কেনার জন্য এর মধ্যেই আড়াই লাখ মানুষ বুকিং দিয়েছে। এমনকি ভারতের বাজারেও বৈদ্যুতিক গাড়ি বিক্রি শুরু করেছে গাড়িনির্মাতা কোম্পানি মাহিন্দ্রা।
তবে বাংলাদেশের চিত্র পুরো উল্টো। পুলিশ ও যানবাহনের নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষ বিআরটিএর কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের বর্তমান মোটরযান আইনে বৈদ্যুতিক যানবাহনকে নিবন্ধন দেওয়ার কোনো সুযোগ নেই। আইন পরিবর্তন হলেই কেবল বৈদ্যুতিক যানবাহন নিবন্ধন পেতে পারে।
গত বছরের সেপ্টেম্বরে ৬৭ হাজার টাকা দিয়ে একটি গ্রিন টাইগার ইলেকট্রিক বাইক কেনেন বেসরকারি একটি স্কুলের শিক্ষক আহসান হাবিব। আড়াই মাস যেতে না-যেতেই আগারগাঁও এলাকায় পুলিশ তাঁর মোটরবাইকটি জব্দ করে ডাম্পিংয়ে পাঠায়। গতকাল আগারগাঁওয়ে পুলিশের ডাম্পিং স্টেশনে গিয়ে খোলা আকাশের নিচে বেশ কিছু ইলেকট্রিক বাইক পড়ে থাকতে দেখা গেছে।
বিআরটিএর কর্মকর্তারা বলেন, মোটরযান নিবন্ধন-সংক্রান্ত আইনের ধারাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, বিদ্যুচ্চালিত মোটরযান নিবন্ধনের সুযোগ নেই। এই আইনের অধীনে যে নিবন্ধন ফরম পূরণ করতে হয়, তাতে ইঞ্জিন নম্বর, ইঞ্জিনে ব্যবহৃত জ্বালানি, ইঞ্জিনের অশ্বশক্তি, সিলিন্ডারের কিউবিক ক্যাপাসিটি (সিসি), সিলিন্ডার সংখ্যা ইত্যাদি তথ্য দেওয়া বাধ্যতামূলক। বৈদ্যুতিক মোটরচালিত ইঞ্জিনে এগুলো থাকে না।
তবে নিবন্ধনের অভাবে পুলিশ রাস্তায় নামতে না দিলেও ঢাকায় বিক্রি হচ্ছে ইলেকট্রিক বাইক। গতকাল সোমবার গ্রিন টাইগার ইলেকট্রিক বাইকের কার্যালয়ে ফোন করা হলে মো. একরাম নামে একজন জ্যেষ্ঠ বিক্রয় কর্মকর্তা ফোন ধরেন। চালানো নিষিদ্ধ হলেও কীভাবে এ বাইক বিক্রি করা হচ্ছে, জানতে চাইলে মো. একরাম বলেন, দেশের অন্যান্য জায়গায় তাঁদের বাহনটি চালাতে কোনো সমস্যা নেই। ঢাকায় কয়েকটি জায়গায় পুলিশ তা চলতে দিচ্ছে না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, আইনগত অনুমোদন ছাড়া পুলিশ কোনো যান চলতে দিতে পারে না। অনুমোদন থাকলে পুলিশ সেই যান অবশ্যই চলতে দেবে।
বিআরটিএর প্রকৌশল বিভাগের পরিচালক নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাংলাদেশের বর্তমান মোটরযান আইনে বিদ্যুচ্চালিত যানবাহনকে নিবন্ধন দেওয়ার কোনো সুযোগ নেই। তবে একটা সড়ক পরিবহন আইন হচ্ছে। সরকার মনে করলে বৈদ্যুতিক যানবাহন নিবন্ধনের বিষয়টি এতে সংযুক্ত করতে পারে।
পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সোবহান বলেন, ‘পৃথিবীতে আগে বৈদ্যুতিক রেলের ব্যবহার শুরু হয়েছে। সেটিতেই আমরা এখনো যেতে পারিনি। ঢাকায় মেট্রোরেল হতে যাচ্ছে এত দিনে। প্রথমেই বিদ্যুচ্চালিত গণপরিবহনের পদক্ষেপ নিতে হবে। এরপর আপনা থেকেই বিদ্যুচ্চালিত ছোট যানবাহনের ব্যবহার শুরু হবে।’