বিদ্যুতে আলোকিত হলো দুই জেলার ছয়টি গ্রাম
দীর্ঘদিন অপেক্ষার পর বিদ্যুতের আলোয় আলোকিত হলো কিশোরগঞ্জ ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার ছয়টি গ্রাম। গত মঙ্গলবার এসব গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে নিকলী উপজেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎ-সুবিধার আওতায় আসে। কিন্তু ওই সময় জাপরাবাজ ও অফিসপাড়া গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়া সম্ভব হয়নি। গত মঙ্গলবার সন্ধ্যায় গ্রাম দুটি বিদ্যুৎ-সুবিধায় আনার জন্য অফিসপাড়া গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ওই দুই গ্রামের ১২৫টি পরিবারের ঘরে একসঙ্গে পল্লী বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে বিদ্যুৎসেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। এতে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতের মহাপরিচালক (ডিজি) এম মনির উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভূঁইয়া, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা, মহনপুর, চক্রতলা ও খানেবাড়ি গ্রামে গত মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ-সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। এ সময় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মহাব্যবস্থাপক (জিএম) রফিকুল ইসলাম, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শাখাওয়াত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগীয় প্রধান কামাল উদ্দিন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রকৌশলী শাখাওয়াত বলেন, চারটি গ্রামের আট কিলোমিটার এলাকার ৪৭৫টি পরিবারের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে।