বান্দরবানের থানচি উপজেলার অনেক এলাকা ইতিমধ্যে বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে। বিদ্যুৎ পেয়ে আনন্দে উপজেলাবাসী বলছেন, স্বাধীনতার ৪৬ বছরে তাঁরা আবার যেন নতুন থানচিকে পেয়েছেন। আগামী ১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে থানচির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করবেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বান্দরবানের প্রকৌশলীরা বলেছেন, তিন পার্বত্য জেলায় ২৫টি উপজেলার মধ্যে সর্বশেষ থানচি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে। এতে উপজেলার মানুষের আর্থসামাজিক জীবনব্যবস্থা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপজেলা সদর ও বলীপাড়া এলাকার অনেকে বলেছেন, দীর্ঘদিন ধরে বিদ্যুতের জন্য দাবি জানিয়েও কোনো সাড়া না পেয়ে তাঁরা আশা ছেড়ে দিয়েছিলেন। এখন বিদ্যুৎ পেয়ে তাঁদের আনন্দের শেষ নেই। বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জে অং মারমা বলেন, স্বাধীনতার ৪৬ বছরে বিদ্যুৎ পাওয়া সত্যি আনন্দের। তবে আরও আগে পাওয়া গেলে ভালো হতো।
থানচি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা বলেন, উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যুৎ ও পানি নেই অজুহাতে কর্মস্থলে থাকেন না। বিদ্যুৎ পাওয়ায় এখন দ্রুত পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা হবে। তাঁরা আর কোনো অজুহাত দেখাতে পারবেন না এবং সার্বক্ষণিকভাবে তাঁদের কর্মস্থলে থাকতে হবে। এতে উপজেলাবাসীর প্রশাসনিক সেবা নিশ্চিত হবে। এটিই বিদ্যুতের প্রথম ও প্রধান পরিবর্তনের প্রভাব হবে। বিদ্যুতের অভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়া ব্যবহার করা যাচ্ছে না। এখন শিক্ষাব্যবস্থায়ও পরিবর্তন আনা যাবে।
বলীপাড়া ইউনিয়নের দাকশৈপাড়ার নিহ্লামং মারমা বলেন, তাঁরা এখন সার্বক্ষণিক বিদ্যুৎ পাচ্ছেন। এ জন্য ছেলেমেয়েদের পড়াশোনা ও গৃহস্থালির কাজের অনেক সুবিধা হয়েছে। তিনি বলেন, বিদ্যুৎ না থাকায় এযাবৎ বলীপাড়ায় কোনো মুরগির খামার গড়ে ওঠেনি। এখন তিনি একটি মুরগির খামার করার উদ্যোগ নেবেন।
উপজেলায় বিদ্যুতের জন্য বলীপাড়া বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরসংলগ্ন একটি সরবরাহ উপকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের প্রস্তুতি হিসেবে গতকাল পিডিবির চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দুলাল হোসেনের নেতৃত্বে একটি দল ওই উপকেন্দ্র পরিদর্শন করে।
থানচি বিদ্যুতায়ন প্রকল্পের পরিচালক উজ্জ্বল বড়ুয়া জানান, প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে ৩৫ কিলোমিটার ৩৩ কেভি সঞ্চালন লাইন, ১১ কেভির ২৮ কিলোমিটার সরবরাহ লাইন ও ১৭ কিলোমিটার বিতরণ লাইন স্থাপন করা হয়েছে। ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বলীপাড়া উপকেন্দ্র থেকে পাঁচ হাজার পরিবারকে আবাসিক সংযোগ দেওয়া সম্ভব হবে।
পিডিবি বান্দরবানের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রিয়াসাদ আজিম বলেন, থানচিতে এ পর্যন্ত তিন শতাধিক পরিবারকে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। আরও পাঁচ শতাধিক আবেদন পাওয়া গেছে। ১ মার্চ সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আরও সংযোগ দেওয়া হবে।