চারটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
বিদ্যুতে গ্যাস দিতে এবারও বন্ধ থাকবে সার কারখানা
চলতি সেচ ও গ্রীষ্ম মৌসুমে বাড়তি চাহিদা মেটাতে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য গ্যাস সরবরাহ বাড়িয়ে দিতে হবে। এ কারণে বিগত বছরগুলোর মতো এবারও সার কারখানাগুলো বন্ধ না রেখে বিদ্যুৎ উৎপাদনে বাড়তি গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পেট্রোবাংলার সূত্রে এ খবর জানা গেছে।
দেশে বর্তমানে বিদ্যুতের উৎপাদনক্ষমতা ১৪ হাজার ৩০০ মেগাওয়াট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার সকালেও ভিডিও সম্মেলনের মাধ্যমে মোট ৩৯০ মেগাওয়াট ক্ষমতার চারটি নতুন বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন। আরও নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
কিন্তু জ্বালানির স্বল্পতা কাটিয়ে ওঠার জন্য সরকারের কার্যক্রম কখনোই বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে অগ্রসর হতে পারেনি। এই জ্বালানির স্বল্পতা কাটাতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার মৌসুমে (সেচ ও গ্রীষ্ম) সার কারখানা বন্ধ রেখে সেই গ্যাস বিদ্যুৎকেন্দ্রে দিতে হবে। তারপরও বিদ্যুৎকেন্দ্রের জন্য চাহিদার শতভাগ পূরণ করা সম্ভব না-ও হতে পারে বলে মন্ত্রণালয় সূত্র জানায়।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, সার কারখানা বন্ধ রাখলেও কোনো সমস্যা হবে না। কারণ চাহিদা অনুযায়ী সারের মজুত রয়েছে। সেচ ও গ্রীষ্মে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন।
মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর সেচের জন্য সর্বমোট ৩ লাখ ৯০ হাজার সেচযন্ত্রে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। এ জন্য বাড়তি বিদ্যুৎ সরবরাহ করতে হবে প্রায় ২ হাজার ৩০০ মেগাওয়াট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাব অনুযায়ী সেচ ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের চাহিদা পূরণের জন্য প্রতিদিন ১২০ কোটি (১ হাজার ২০০ মিলিয়ন) ঘনফুট গ্যাস দরকার হবে।
পেট্রোবাংলার সূত্র জানায়, গত ছয়-সাত বছরে দেশে গ্যাসের উৎপাদনক্ষমতাও বেড়েছে। ২০০৯ সালের শুরুর দিকে গ্যাসের উৎপাদনক্ষমতা ছিল দৈনিক ১৭০ কোটি ঘনফুট, এখন তা ২৭০ কোটি ঘনফুট। কিন্তু এই সময়ে চাহিদাও বেড়েছে। ফলে ২০০৯ সালে যেমন ৫০ কোটি ঘনফুট ঘাটতি ছিল, এখনো ঘাটতির পরিমাণ তেমনই রয়েছে। এই সময়ে চাহিদার তুলনায় গ্যাসের ঘাটতি মোটেই কমেনি। বরং কিছুটা বেড়েও থাকতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল যে চারটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন, সেগুলো হচ্ছে গাজীপুরের কড্ডায় ১৫০ মেগাওয়াট, কুমিল্লার জাঙ্গালিয়ায় ৫২ মেগাওয়াট, চট্টগ্রামের পটিয়ায় ১০৮ মেগাওয়াট এবং আশুগঞ্জে ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেন্দ্রের ৮০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট। শেষোক্ত এই ৮০ মেগাওয়াট ছাড়া সবগুলোই দ্বৈত জ্বালানিভিত্তিক (ডুয়েল ফুয়েল)। অর্থাৎ গ্যাস সরবরাহ পাওয়া গেলে এগুলো গ্যাস দিয়ে চলবে। গ্যাস না পেলে চলবে তেলে।