বিদ্যুতে দায়মুক্তি আইনের বিল সংসদে
বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বড়াতে আইনের মেয়াদ আরও চার বছর বাড়িয়ে গতকাল রোববার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল-২০১৪ সংসদে উত্থাপিত হয়েছে।
বিদ্যুৎ খাতে সরকারকে দায়মুক্তি দেওয়া বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল-২০১৪ সংসদে উত্থাপন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
পরে বিলটি পরীক্ষা করে ৩০ ডিসেম্বরের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিদ্যমান আইনটি ২০১০ সালে প্রণীত হয়েছিল। এরপর দুই দফায় সংশোধন করে আইনটির মেয়াদ চার বছর বাড়ানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে নসরুল হামিদ বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি এখনো পুরোপুরি মেটানো সম্ভব হয়নি। বিদ্যুৎ ও জ্বালানির চলমান ঘাটতি পূরণের লক্ষ্যে আরও কিছু প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। সে জন্য আইনটির মেয়াদ বাড়ানো আবশ্যক।