বিদ্যুতে ভর্তুকির সুবিধা পাচ্ছেন না কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেচপাম্প-মালিকদের বিদ্যুৎ বিলে সরকারের দেওয়া ২০ শতাংশ ভর্তুকির সুবিধা কুষ্টিয়ার কৃষকেরা পাচ্ছেন না। এ টাকার পুরোটাই চলে যাচ্ছে গভীর ও অগভীর নলকূপের মালিকদের পকেটে।কৃষকদের অভিযোগ, ভর্তুকির সুবিধা তাঁরা পান না। উপরন্তু সেচ দিতে বেশি টাকা এবং নির্দিষ্ট পরিমাণ ফসলও দিতে হয় সেচযন্ত্রের মালিকদের।কৃষকেরা বলেন, জমিতে সেচ দিতে নলকূপ-মালিকদের ইউনিটপ্রতি পাঁচ-ছয় টাকা করে দিতে হয়। অথচ পল্লী বিদ্যুতের বিল ইউনিটপ্রতি তিন টাকা ১৯ পয়সা। ওই বিলের পাশাপাশি এক বিঘা জমিতে ধান আবাদের জন্য মালিককে দুই মণ বা ৭০ কেজি ধান দিতে হয়। ফলে কৃষকেরা নলকূপ-মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন।দৌলতপুর উপজেলার মৌবাড়িয়া গ্রামের কৃষক কাজী শফিউল ইসলাম অভিযোগ করেন, শ্যালো ইঞ্জিনের নলকূপে সেচ দিতে ঘণ্টায় ২০-২২ টাকা দিতে হয়। এক ঘণ্টা সেচযন্ত্র ইঞ্জিন চললে সর্বোচ্চ তিন ইউনিট বিদ্যুৎ খরচ হয়। আর গভীর নলকূপের মালিকদের দিতে হয় ঘণ্টায় ৪০-৪২ টাকা। বিদ্যুৎ খরচ হয় আট ইউনিট।দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম, কামালপুর, বড়গাংদিয়া, চকঘোগা, বোয়ালিয়া, সিলিমপুর, শ্যামপুর, পিপুলবাড়িয়াসহ আরও কয়েকটি গ্রামের কৃষকেরা একই অভিযোগ করেন।নাম প্রকাশে অনিচ্ছুক একটি শ্যালো ইঞ্জিনের মালিক বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড় পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘কৃষকদের এ টাকা দেওয়া হয় না, সবাই (মালিকেরা) নেয়, তাই আমরাও নিই।’কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ২৩৫টি গভীর ও তিন হাজার ৭৭০টি অগভীর নলকূপ আছে। বিদ্যুৎচালিত এসব নলকূপের মাসিক মোট বিলের ওপর ২০ শতাংশ ছাড় দেওয়া হয়। গত বছরের নভেম্বর মাসে পাঁচ লাখ ৬৯ হাজার ৪১৩ টাকা, ডিসেম্বর মাসে পাঁচ লাখ ১২ হাজার ৫৫৮ টাকা ও এ বছরের জানুয়ারি মাসে ১০ লাখ ৭৫ হাজার ১১২ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মুখলেছ গণি বলেন, বিদ্যুৎ বিলে ছাড়ের সুবিধা কৃষক পাচ্ছেন কি না, সেটা কৃষি মন্ত্রণালয় দেখবে।কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক লুৎফর রহমান বলেন, ‘আমরা জানি কৃষকেরা ভর্তুকি পান। তৃণমূলের কৃষকেরা এ ভর্তুকি পাচ্ছেন কি না, সেটা দেখার কোনো নির্দেশ নেই। জেলা ও উপজেলা পর্যায়ে কৃষি কার্যালয়ে জনবল কম। সে হিসেবে নজরদারি করা সম্ভব নয়।’কুষ্টিয়া বিএডিসির ক্ষুদ্র সেচ প্রকল্পের সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, সরকারিভাবে জেলায় ২০টি গভীর নলকূপ আছে। এগুলোতে সেচ দিতে ঘণ্টাপ্রতি শুধু ৯০ টাকা নেওয়া হয়। কোনো ফসল নেওয়া হয় না। তবে এ অঞ্চলের বেশির ভাগ জমির সেচ ব্যক্তিমালিকানার সেচপাম্পের মাধ্যমে দেওয়া হয়। তৃণমূলের কৃষকেরা ভর্তুকির টাকা না পাওয়ার বিষয়টি তিনি স্বীকার করে বলেন, এত বৃহৎ কাজ নজরদারি করা সম্ভব হয় না। এ ক্ষেত্রে কৃষকেরা জোট বেঁধে বিষয়টি সুরাহা করতে পারেন।