বিদ্যুতে ভর্তুকির ৭৫ লাখ টাকা পাম্পমালিকদের পকেটে
সাতক্ষীরায় বোরো মৌসুমে সেচের জন্য সরকারের দেওয়া বিদ্যুৎ বিলের ভর্তুকিসুবিধা কৃষক পাচ্ছেন না। সরকার কৃষকদের ২০ শতাংশ ভর্তুকি দিলেও পাম্পমালিকেরা ওই সুবিধা পাচ্ছেন। এ হিসেবে পাম্পমালিকেরা ভর্তুকি হিসাবে ৭৫ লাখ টাকার বিল কম দিলেও কৃষকদের কাছ থেকে ওই টাকা আদায় করে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলার সাতটি উপজেলায় ৭৩ হাজার ৯৭৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ-চালিত ৪৩৭টি গভীর ও দুই হাজার ১৮০টি অগভীর নলকূপের মাধ্যমে ১৬ হাজার ২৮ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে।নলকূপমালিক ও কৃষকদের সূত্রে জানা গেছে, বিদ্যুৎ-চালিত একটি গভীর নলকূপ দিয়ে ১৫-২৫ হেক্টর জমিতে সেচ দেওয়া যায়। এতে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ৬০-৭০ হাজার টাকা খরচ হয়। একইভাবে একটি বিদ্যুৎ-চালিত অগভীর নলকূপ দিয়ে তিন-চার হেক্টরে সেচ দিতে হয়। এতে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল বাবদ খরচ হয়। এ হিসাবে বোরো মৌসুমে জেলায় পাম্পমালিকদের সাড়ে তিন কোটি টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। এ বিপুল পরিমাণ বিদ্যুৎ বিলের ২০ ভাগ ভর্তুকি বাবদ সরকার প্রায় ৭৫ লাখ টাকা দেয়।সদর উপজেলার বিহারিনগর গ্রামের কৃষক আরশাদ আলী ও কলারোয়া উপজেলার কাদপুর গ্রামের আবদুল মান্নান জানান, বিদ্যুৎ-চালিত গভীর ও অগভীর নলকূপমালিকদের কাছ থেকে পানি কিনে তাঁরা প্রতি বছর পাঁচ-ছয় বিঘা জমিতে বোরো ধানের চাষ করেন। বিঘাপ্রতি তাঁদের প্রতি গভীর নলকূপে এক হাজার ৫০০ থেকে এক হাজার ৮০০ ও অগভীর নলকূপে এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকা করে দিতে হয়েছে। তাঁরা শুনেছেন উৎপাদন ব্যয় কমাতে বিদ্যুৎ বিলের ওপর ২০ ভাগ ভর্তুকি দেওয়া হয়ে থাকে। ওই ভর্তুকির টাকা কৃষকদের দেওয়ার কথা। সেচ বাবদ টাকা কম নেওয়ার কথা বললে সেচ পাম্পমালিকেরা কম নেন না। সেচ পাম্পমালিক সাতক্ষীরা সদর উপজেলার তজুলপুর গ্রামের ফারুক হোসেন ও আবদুল হাকিম জানান, প্রতি বিঘা জমিতে সেচ দিতে কৃষকদের কাছ থেকে তাঁরা এক হাজার ৫০০ থেকে এক হাজার ৮০০ টাকা করে নেন। তাঁদের বিদ্যুৎ খরচ বাবদ প্রতি বিঘায় এক হাজার ২০০ টাকা খরচ হয়। এ ছাড়া কর্মচারীসহ অন্যান্য খাতে সেচ বাবদ বিঘাপ্রতি তাঁদের আরও ১৫০ টাকা খরচ হয়। ফারুক হোসেন ও আবদুল হাকিম দাবি করেন, বিদ্যুতের ভর্তুকির টাকা কৃষকদের মধ্যে বিতরণ করার কোনো সুযোগ নেই। নির্ধারিত পানির মূল্য থেকে কিছু টাকা কম নেওয়া হয়। একেবারে ভর্তুকির টাকা কৃষকদের দেওয়া হয় না এমন অভিযোগ ঠিক নয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা গণেশ চন্দ্র মণ্ডল জানান, কৃষি বিভাগ থেকে ভর্তুকির টাকা আদায় করার জন্য কৃষকদের সচেতন করা হচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতির পাটকেলঘাটা কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) যুবরাজ পাল জানান, বিদ্যুৎ-চালিত নলকূপের মালিকেরা যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেন ওই টাকার বিল থেকে ২০ ভাগ টাকা কম নেওয়া হয়। মৌসুম শেষে ওই ভর্তুকির টাকা কৃষকদের মধ্যে জমির আনুপাতিকহারে ভাগ করে দেওয়ার কথা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কৃষকেরা ভর্তুকিসুবিধা পান না। মহাব্যবস্থাপক আরও জানান, বোরোর জমি তৈরি থেকে শুরু করে ধান উৎপাদন পর্যন্ত গড়ে একটি বিদ্যুৎ-চালিত নলকূপে প্রতি মাসে দুই হাজার ৭০২ টাকা বিল আসে। এতে সাড়ে চার থেকে পাঁচ মাসে বিল আসে প্রায় সাড়ে তিন কোটি টাকা। এর শতকরা ২০ ভাগ অর্থাৎ প্রায় ৭৫ লাখ টাকা সুবিধা পাওয়ার কথা থাকলেও কৃষকেরা ওই সুবিধা পান না।