বিদ্যুতে সেচ দিয়ে ডিজেলের ভর্তুকি নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় বোরো চাষে ডিজেলে ভর্তুকির সহায়তা দিতে কৃষকের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বোরো চাষ করেও অনেক কৃষক ভর্তুকির সহায়তা কার্ড পাননি। আবার বোরো চাষ না করে, যৌথ পরিবারে বাস করে পৃথক দেখিয়ে এবং বৈদ্যুতিক সেচযন্ত্রের মাধ্যমে সেচ দিয়ে ডিজেলের ভর্তুকি নেওয়ার অভিযোগ উঠেছে।কৃষি অফিস সূত্র জানায়, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি—এই তিন শ্রেণীর কৃষককে এবার ডিজেলে ভর্তুকি দেওয়া হচ্ছে। প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা জনপ্রতি ৮০০ টাকা এবং মাঝারি কৃষকেরা এক হাজার টাকা করে ভর্তুকি পাবেন। উপজেলায় এবার ২৬ হাজার ৮০৯ জন কৃষককে ভর্তুকির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে আলাপকালে তাঁরা অভিযোগ করেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা বাড়ি বাড়ি না গিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের সঙ্গে পরামর্শ করে কৃষকদের ভর্তুকি দেওয়ার তালিকা করেছেন।অভয়নগর গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য আমজাদ হোসেনের যৌথ পরিবার। তিনি ও তাঁর ছেলে আরিফ রেজা ডিজেলে ভর্তুকির কার্ড নিয়েছেন। আমজাদ হোসেন বলেন, ‘আমার ছেলে জমি বন্ধক নিয়ে বোরো চাষ করেছে। তাই তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।’ বগুড়াতলা গ্রামের কৃষক নওয়াব আলী নিজের নামে ছাড়াও স্ত্রী খাদিজা বেগমের নামে ভর্তুকির সহায়তা কার্ড নিয়েছেন। তিনি বলেন, ‘ভুল করে এমনটা হয়েছে। পরে আর নাম কাটাকাটি করতে যাইনি।’যৌথ পরিবারে বাস করেও বাণীপুর গ্রামের শামছুর রহমান এবং তাঁর ছেলে বোরহান আহমেদ ও ফরিদ আহমেদ, একই গ্রামের মনছুর আলী ও তাঁর ছেলে রাশেদ মোল্যা, অভয়নগর গ্রামের আবদুল ওয়াজেদ ও তাঁর ছেলে পলাশ হোসেন, কোটা গ্রামের মোন্তাজ কাজী ও তাঁর ছেলে আজমল হোসেন এবং একই গ্রামের মোহাম্মাদ আলী ও তাঁর ছেলে বাবু মল্লিক ভর্তুকির কার্ড পেয়েছেন। বোরো মৌসুমে জমি চাষ না করলেও বাণীপুর গ্রামের শফিক আহমেদ, অভয়নগর গ্রামের সিদ্দিক খাঁ, সুরত খাঁ ও মোহাম্মাদ আলী, বগুড়াতলা গ্রামের কায়ছেদ আলীসহ অনেকের নাম ভর্তুকির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।সিদ্দিক খাঁ বলেন, ‘আমি জমি চাষ করিনি। তবে সবাই যেভাবে ভর্তুকি পাইছে, আমিও সেভাবে পাইছি।’কোটা গ্রামের আবদুর রশিদ শেখ বৈদ্যুতিক সেচযন্ত্রে ধান চাষ করে ডিজেলের ভর্তুকির সহায়তা নিয়েছেন। তিনি বলেন, অনেকেই এভাবে নিয়েছেন। সুন্দলী গ্রামের প্রণব বিশ্বাস বলেন, ‘আমি বৈদ্যুতিক সেচযন্ত্রে সেচ দিয়ে ধান চাষ করেছি। এ জন্য কোনো ভর্তুকি নিইনি। তবে আমার গ্রামে কিংবা ইউনিয়নে এমন একজনকেও পাওয়া যাবে না, যিনি বৈদ্যুতিক সেচযন্ত্রে সেচ দিয়ে ডিজেলে ভর্তুকি নেননি।’বোরো মৌসুমে জমি চাষ করেও বাণীপুর গ্রামের আবু সাত্তার, মোফাজ্জল হোসেন, রেজাউল ইসলাম, শমসের আলী, রফিকুল ইসলাম ও আলী মনছুর, অভয়নগর গ্রামের সিরাজুল ইসলাম, চলিশিয়া গ্রামের শরিফুল ইসলামসহ অনেকে ভর্তুকির সহায়তা কার্ড পাননি।উপসহকারী কৃষি কর্মকর্তা খাসিয়ার রহমান বলেন, ‘ইউনিয়ন পরিষদের সদস্যরা কমিটির সদস্য। তালিকা তৈরির সময় তাঁদের সঙ্গে পরামর্শ করতে হয়েছে। তবে দ্রুত তালিকা তৈরি করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হয়েছে। পরবর্তী সময়ে আমরা সেগুলো সংশোধন করে দিয়েছি।’ তিনি জানান, একই পরিবারের একাধিক কৃষক ডিজেলে ভর্তুকির সুবিধা পেতে পারেন না।উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘কৃষকদের তালিকা তৈরি করতে আমরা খুব বেশি সময় পাইনি। এ জন্য কিছু ভুলভ্রান্তি থেকেই গেছে।’