বিদ্যুতের অবৈধ সংযোগ দেওয়ায় আ.লীগ নেতার জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের অবৈধ সংযোগ দিয়ে ব্যবসা করার অভিযোগে রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের সাজা হয়েছে।
রাজশাহীর বিদ্যুৎ আদালতের বিচারক জুয়েল চৌধুরী ওই নেতাকে তিন বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সাজা দিয়েছেন। গত ২৯ আগস্ট রায় ঘোষণার পর আবদুর রাজ্জাক অসুস্থ হয়ে পড়ায় আদালত তাঁকে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগমারা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক একরামুল হক জানান, আবদুর রাজ্জাক দীর্ঘদিন থেকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের সংযোগ থেকে এলাকার শতাধিক বাড়িতে অবৈধ সংযোগ দিয়ে ব্যবসা করে আসছিলেন। তিনি প্রতি মাসে ওই সব অবৈধ গ্রাহকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেন।
খবর পেয়ে গত বছরের আগস্ট মাসে পল্লী বিদ্যুতের লোকজন ঘটনাস্থলে গিয়ে আবদুর রাজ্জাকের অবৈধ বিদ্যুৎ ব্যবসার সন্ধান পান। পরে পল্লী বিদ্যুতের কর্মকর্তা শাহাদত হোসেন বিদ্যুৎ আদালতে মামলা করেন। ওই মামলায় আদালত আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় গত বৃহস্পতিবার তাঁকে সাজা দেন।