বিদ্যুতের অভাবে টেক্সটাইলে ব্যবহারিক শিক্ষা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছিতে অবস্থিত একটি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে দুই বছর ধরে ব্যবহারিক শিক্ষা বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।ঠিকাদার ও গণপূর্ত বিভাগের গাফিলতির কারণে প্রতিষ্ঠানটির নতুন ভবনে দীর্ঘ দুই বছরেও বিদ্যুতের সংযোগ দেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে তালগাছিতে আট বছর আগে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হয় একটি ভাড়া ভবনে। ২০১০ সালে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে এখানে ১ দশমিক ২৫ একর জমিতে একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়। বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে ‘১০টি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউট’ প্রকল্পের আওতায় তখন আড়াই কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।২০১০ সালে ভোকেশনাল ইনস্টিটিউটের কার্যক্রম নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়। তবে এখনো ভবনের কাজ শেষ হয়নি। এর ভেতরের বৈদ্যুতিক তার টানা, দেয়াল নির্মাণ ও প্রধান ফটকের কাজ বাকি আছে।প্রতিষ্ঠানটির কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের অভাবে এখানকার শিক্ষার্থীদের পাঠদানের জন্য ১০টি কম্পিউটার, দুটি সোয়েটার, ২০টি সেলাই ও একটি ডাইং করার যন্ত্র চালানো যাচ্ছে না। এতে শিক্ষার্থীরা হাতেকলমে কিছুই শিখতে পারছেন না।আনিসুল হক, মরিয়ম খাতুনসহ কয়েকজন শিক্ষার্থী জানান, দুই বছর মেয়াদি ড্রেসমেকিং অ্যান্ড টেইলারিং, উইভিং, নিটিং অ্যান্ড ডাইং ও প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং বিভাগের দুটি বর্ষে ২৫০ জন শিক্ষার্থী আছেন। নতুন ভবনে আসার পর থেকে তাঁরা এক দিনের জন্যও ব্যবহারিক ক্লাস করতে পারেননি। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন যন্ত্র ও কম্পিউটার চালানো যাচ্ছে না।প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক মোহাম্মদ কামরুজ্জামান জানান, ভবনের কাজ শেষ হওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম ভাড়া করা ভবন থেকে এখানে স্থানান্তর করা হয়। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করার কথা থাকলেও তারা তা করেনি।সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নূর ইসলাম বলেন, একটি ট্রান্সফরমার সরবরাহ করা হয়েছিল, সেটির একটি অংশ খোয়া গেছে। এটি মেরামতের জন্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে। এক সপ্তাহের মধ্যে পাওয়া যাবে। এটি পেলে এখানে বিদ্যুতের সংযোগ দেওয়া হবে।এ প্রকল্পের পরিচালক এ টি এম সামসুজ্জামান জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান ও গণপূর্ত বিভাগ বেশি লোডের (ক্ষমতা) ট্রান্সফরমার দিতে চাওয়ায় নতুন ভবনে বিদ্যুতের সংযোগ দেওয়া সম্ভব হয়নি। তবে তিন মাস আগে ট্রান্সফরমারটি এখানে এনে স্থাপনের পর এর যন্ত্রাংশ খোয়া যায়। বিষয়টি নিয়ে গণপূর্ত বিভাগ ও ঠিকাদারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।প্রকল্প পরিচালক আরও জানান, পুনরায় ট্রান্সফরমার সরবরাহ কিংবা মেরামতের জন্য ঠিকাদার রাজি না হওয়ায় দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়েছে। তবে ঠিকাদারকে বিদ্যুতের সংযোগসহ অন্যান্য কাজ এপ্রিল মাসের মধ্যে শেষ করার সময় বেঁধে দেওয়া হয়েছে। সর্বশেষ সম্মিলিতভাবে সভা করে এপ্রিল মাসের মধ্যে কাজটি হস্তান্তর করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।ঠিকাদার রিনা এন্টারপ্রাইজের মালিক মো. তাপস সিরাজী জানান, ট্রান্সফরমারটি সরবরাহের পর এর কিছু অংশ খোয়া যাওয়ায় এটি কীভাবে পরিবর্তন করা হবে, ক্ষতিপূরণ কে দেবে এবং চলমান কাজের বিভিন্ন বিষয় নিয়ে নকশা পরিবর্তনের প্রশ্ন ওঠে। যে কারণে সময় একটু বেশি লেগে গেছে। এক সপ্তাহের মধ্যে ট্রান্সফরমারটি পুনঃস্থাপন করা সম্ভব হবে এবং বাকি কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ করা হবে।