বিদ্যুতের অভাবে পিছিয়ে বেনারসির কারিগরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার ঘোলাগাড়ী বিহারিপাড়া গ্রামের তাঁতশ্রমিকেরা বেনারসি শাড়ি তৈরিতে এখন ব্যস্ত হয়ে পড়েছেন। এসব শাড়ি যাচ্ছে ঢাকার মিরপুরসহ দেশের বিভিন্ন জায়গায়। কিন্তু শাহবন্দেগী ইউনিয়নের এই গ্রামটিতে বিদ্যুৎ সংযোগ না থাকায় দিনের আলোই কারিগরদের ভরসা।
কয়েকজন তাঁতশ্রমিক জানান, উপজেলা শহর থেকে সাড়ে তিন কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ঘোলাগাড়ী বিহারিপাড়া গ্রাম। দীর্ঘ দুই যুগ ধরে এই গ্রামে তৈরি করা হচ্ছে বেনারসি শাড়ি। এখানে গড়ে তোলা হয়েছে ৫৫টি তাঁতশিল্প।
স্থানীয় বেনারসি তাঁত সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, তাঁদের গ্রামে বিদ্যুৎ সংযোগ না থাকায় শাড়ি তৈরিতে অনেক কষ্ট করতে হচ্ছে। দিনের আলোর ওপর তাঁদের ভরসা করতে হচ্ছে। সন্ধ্যা নামলে তাঁদের কাজও বন্ধ হয়ে যায়। এ জন্য এই শিল্পে জড়িত মালিক ও শ্রমিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
গত সোমবার গ্রামে ঢোকামাত্র তাঁতের ঠুকঠাক শব্দ শোনা যায়। প্রতিটি ঘরেই তাঁতে বেনারসি শাড়ি তৈরির কাজ চলছিল। এ সময় কথা হয় তাঁতমালিক জাহিদ হোসেনের সঙ্গে। তিনি জানান, ঢাকা থেকে তাঁরা শাড়ি তৈরির সুতা সংগ্রহ করেন। আর শাড়ির নকশা তাঁদের সরবরাহ করেন ঢাকার মিরপুরের শাড়ি বাজারের পাইকারেরা। তাঁরা প্রতিটি শাড়ি আড়াই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকায় ঢাকার মিরপুরের পাইকারদের কাছে বিক্রি করেন।
আরেক তাঁতমালিক সেলিম হোসেন জানান, তাঁদের তৈরি করা বেনারসি শাড়ির মান ভালো হওয়ায় বাজারে চাহিদাও বেশি। তাই সারা বছরই তাঁদের শাড়ি তৈরিতে ব্যস্ত থাকতে হয়।
তাঁতশ্রমিক মো. শরীফ উদ্দিন বলেন, দিনের আলোতে কাজ করে একেকটি তাঁত থেকে সপ্তাহে দুটি শাড়ি নামানো যায়। গ্রামটিতে বিদ্যুৎ থাকলে রাতেও কাজ করা যেত। সে ক্ষেত্রে সপ্তাহে প্রতিটি তাঁত থেকে কমপক্ষে তিনটি শাড়ি তৈরি করা সম্ভব হতো।
আরেক শ্রমিক মো. সবুজ মিয়া জানান, তাঁরা শাড়িপ্রতি ৭০০ থেকে এক হাজার ৬০০ টাকা মজুরি পেয়ে থাকেন। দুই ঈদে ও হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজায় তাঁদের তৈরি শাড়ির চাহিদা বেড়ে যায়। স্থানীয় বেনারসি তাঁত সমিতির সভাপতি আবদুল ওয়াহিদ জানান, তিনি ১৯৯০ সালে প্রথমে তাঁর বাড়িতে একটি তাঁত গড়ে তোলেন। পর্যায়ক্রমে তিনি গ্রামের অনেককে বেনারসি শাড়ি তৈরি শেখান। গ্রামের যুবকেরা এই শাড়ি তৈরি শিখে এখন ঘরে ঘরে তাঁত গড়ে তুলছেন।