বিদ্যুতের অভাবে পড়ে আছে ৩২টি গভীর নলকূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পীরগাছার আঞ্চলিক কার্যালয় থেকে বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন উপজেলার ৩২টি গভীর নলকূপ চালু করা যাচ্ছে না।
ফলে এসব নলকূপের আওতায় ২৪০ হেক্টর জমি দুই বছর ধরে বোরো মৌসুমে সেচ সুবিধাবঞ্চিত থাকছে। বিদ্যুৎ বিভাগ বলছে, বিদ্যুৎ সরবরাহ লাইন ওভারলোড ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সংযোগ দেওয়া যাচ্ছে না।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, পীরগাছা উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, পল্লী বিদ্যুতের পীরগাছা আঞ্চলিক কার্যালয়ের আওতায় বোরো মৌসুমে কৃষকদের স্বল্পমূল্যে সেচ সুবিধা দিতে ২০১১ সালে এ কার্যক্রম গ্রহণ করা হয়। এ জন্য বরেন্দ্র কর্তৃপক্ষ প্রায় তিন থেকে চার কোটি টাকা ব্যয়ে উপজেলার মিরাপাড়া, নওদাপাড়া, শুল্লিপাড়া, মোংলাকুটি, তালুক কান্দি, পরান, আদম, পূর্ব ব্রাহ্মণীকুণ্ডা ও চণ্ডিপুরসহ বিভিন্ন এলাকায় ১৫ কিলোমিটার বৈদ্যুতিক লাইন টানানোসহ ১০টি নতুন নলকূপ স্থাপন ও ২২টি অকেজো অগভীর নলকূপ সংস্কার করে সেচের সব প্রস্তুতি সম্পন্ন করে। উপজেলা সেচ পরিচালনা কমিটি থেকে এসব নলকূপের অনুমোদনও নেওয়া হয়েছে। কিন্তু পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কার্যালয় থেকে বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় দু বছরেও নলকূপগুলো চালু করা সম্ভব হয়নি। ফলে বোরো মৌসুমে ২৪০ হেক্টর জমি সেচ সুবিধাবঞ্চিত থাকছে।
উপজেলার মিরাপাড়া গ্রামের কৃষক নজরুল ইসলাম, আসাদুজ্জামান ও আশরাফুল ইসলাম জানান, তাঁদের গ্রামে বরেন্দ্র কর্তৃপক্ষ স্বল্পমূল্যে সেচ সুবিধা দিতে বিদ্যুৎ লাইন টানানোসহ একটি গভীর নলকূপ বসিয়েছে। কিন্তু বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় গত দুই বছরেও নলকূপটি চালু করা সম্ভব হয়নি। ফলে গ্রামবাসী সেচ সুবিধা না পেয়ে অন্য ফসল আবাদ করতে বাধ্য হচ্ছেন।
একই কথা জানান, উপজেলার নওদাপাড়া, শুল্লিপাড়া, মোংলাকুটি, তালুক কান্দি, পরান, আদম, পূর্ব ব্রাহ্মণীকুণ্ডা ও চণ্ডিপুর গ্রামের কৃষকরা।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পীরগাছা উপজেলা প্রকৌশলী কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, দুই বছর আগেই উপজেলার বিভিন্ন এলাকায় বোরো মৌসুমে কৃষকদের স্বল্পমূল্যে সেচ সুবিধা দিতে ৩২টি গভীর নলকূপ প্রস্তুত করা হয়। কিন্তু ৩৩ কেভি বৈদ্যুতিক সঞ্চালন লাইন ওভারলোড ও ঝুঁকিপূর্ণ হওয়ার কথা বলে বিদ্যুৎ বিভাগ আজও এগুলোতে সংযোগ দেয়নি। ফলে দুই বছরেও ওগুলো চালু করা সম্ভব হয়নি।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক রেজাউল করিম বলেন, রংপুর গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য যে ৩৩ কেভি সঞ্চালন লাইনটি ব্যবহার করা হয় সেটি ওভারলোড এবং খুবই পুরোনো হয়ে গেছে। এই ঝুঁকিপূর্ণ অবস্থায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপগুলোতে বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না।