পটুয়াখালীর বাউফল উপজেলায় বিদ্যুতায়িত হয়ে বাবা ও দুই মেয়েসহ চারজনের মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের স্থানীয় কার্যালয়ের ইনচার্জ মো. সিদ্দিকুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গত শুক্রবার উপজেলার কালিশুরী ইউনিয়নের ধলাপাড়া গ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়ে পানি বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু হয়।
সিদ্দিকুর রহমান কালিশুরী এরিয়া অফিসের ইনচার্জ। একই সঙ্গে বিষয়টি তদন্তের জন্য তিনটি কমিটি গঠন করা হয়েছে। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (কারিগরি) মো. শাহ আলম মিয়াকে প্রধান করে দুই সদস্যবিশিষ্ট একটি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সিস্টেম অপারেশন), বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী প্রকৌশলী কাজী মো. রমজান আলীকে প্রধান করে দুই সদস্যবিশিষ্ট অপর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. শরিফুল ইসলামও বিষয়টি পৃথকভাবে তদন্ত করবেন। পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
আহাজারি ও দাফন: গতকাল বেলা ১১টার দিকে নিহত আবদুল হাই রাঢ়ী (৫৫), তাঁর দুই মেয়ে দিনা বেগম (২৬) ও মহুয়া মৌ (২২) ও ভগ্নিপতি মো. ইব্রাহিম সিকদারকে (৬০) জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারকে সমবেদনা জানাতে বৃষ্টিকে উপেক্ষা করে গতকাল ওই জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত হন।
মায়ের মৃত্যুতে কোনো কিছুতেই কান্না থামছে না দিনা বেগমের দুই শিশুসন্তান শিশির (৮) ও শিবলীর (৬)। ওরা কেবলই মায়ের কাছে যাব বলে চিৎকার করছে। এদিকে শোক কিংবা ভালো-মন্দ কোনো কিছু না বুঝলেও মহুয়া মৌর দুই বছর বয়সী সন্তান সাহিরাও নীরব।
আবদুল হাইয়ের বাড়ির পুকুরের পাশ দিয়ে বিদ্যুৎ সরবরাহের লাইন চলে গেছে। বৃহস্পতিবার রাতে ঝড়বৃষ্টির সময় বিদ্যুতের খুঁটি থেকে একটি তার ছিঁড়ে পুকুরে পড়ে পানি বিদ্যুতায়িত হয়। ওই পানিতে নামা মাত্রই আবদুল হাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। তাঁকে উদ্ধার করতে এগিয়ে যান দুই মেয়ে দিনা ও মহুয়া। পানিতে নামলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর ওই তিনজনকে উদ্ধার করতে ভগ্নিপতি মো. ইব্রাহিম সিকদার পুকুরে নামেন। তাঁরও একই অবস্থা হয়। পরে তাঁদের চারজনকে মৃত উদ্ধার করা হয়।
এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘মর্মান্তিক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।