বিদ্যুতের কষ্টে ৩০ হাজার গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজ সকাল ৯টা ১০ মিনিটে বিদ্যুৎ চলে যাওয়ার পর আসে সাড়ে ১০টার দিকে। মাত্র দুই মিনিট পর আবার চলে যায়। বিকেল সাড়ে চারটার দিকে বিদ্যুৎ এলেও আসা-যাওয়ার মধ্যে আছে। এভাবে চলতে থাকলে আমরা ব্যবসা করব কীভাবে?’
গতকাল সোমবার কথাগুলো বলছিলেন চট্টগ্রামের আনোয়ারার কালাবিবি দীঘির মোড়ের ব্যবসায়ী মো. হানিফ। মুদি দোকানি হানিফ বিকাশেরও এজেন্ট। মুঠোফোন রিচার্জের ব্যবসাও করেন তিনি।
শুধু হানিফ নন, বিদ্যুৎ সংকটের কারণে আনোয়ারার ৩০ হাজারের বেশি বিদ্যুৎ গ্রাহককে দুই দিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মো. হানিফ বলেন, দিনভর এভাবে বিদ্যুৎ না থাকায় তাঁর ব্যবসা পরিচালনা করতে সমস্যা হচ্ছে।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, ২০০৯ সালে বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টেজ লাইনের তার চুরি হওয়ার পরে বিকল্পভাবে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়। এখন ওই লাইনে সংস্কারকাজ চলছে। আনোয়ারা ও কর্ণফুলী থানার মূল লাইন বন্ধ রেখে কাজ করায় গত রোববার থেকে গ্রাহকেরা ভোগান্তিতে আছেন।
কাফকো সেন্টারের ব্যবসায়ী মো. কায়সার বলেন, ‘আমি কম্পিউটার কম্পোজ ও প্রিন্টসহ বিভিন্ন ধরনের কাজ করি। কিন্তু বিদ্যুৎ সমস্যার কারণে গ্রাহক নেই। তাই আয়ও কমে গেছে।’
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আনোয়ারা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আবুল বাশার বলেন, মেরামতকাজ চলায় এমনটি হচ্ছে। সমস্যাটি আরও দু-এক দিন থাকবে।’