বিদ্যুতের কারণে পাম্প বন্ধ, পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক মাস ধরে পানির কষ্ট। সায়েদাবাদ-যাত্রাবাড়ীর বাসিন্দারা হাঁড়ি, কলস, বালতি আর জার নিয়ে প্রতিদিনই এখন ভিড় করে সায়েদাবাদ সেতুর পাশে আইডিয়াল স্কুল-সংলগ্ন ওয়াসার পাম্প হাউসে। না হলে রান্নার পানিও পাওয়া যাবে না।সায়েদাবাদ এলাকার বাসিন্দা টুটুল ইসলাম ক্ষোভ জানিয়ে বললেন, সায়েদাবাদ পানি শোধনাগারের এত কাছে, তার পরেও তাঁরা পানি পান না।সম্প্রতি ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পানির পাম্প এক দিনেই এক হাজার ৪১৩ ঘণ্টা বন্ধ ছিল। এ ধরনের ঘটনা নিয়মিতই ঘটছে। বিদ্যুৎ-পরিস্থিতি নাজুক হওয়ায় এ অবস্থা বলে ঢাকা ওয়াসা জানায়। সাধারণত মার্চ থেকে মে মাস পর্যন্ত এ ধরনের সংকট থাকে। কিন্তু এবার এই সংকট আগস্ট মাসেও হচ্ছে।১৭ আগস্ট ওয়াসার পাম্পস্টেশনগুলোয় মোট এক হাজার ১৪০ ঘণ্টা বিদ্যুৎবিভ্রাটের ঘটনা ঘটে। এ জন্য ৫০২ ঘণ্টা বন্ধ রাখতে হয় এসব পাম্প। এ ছাড়া জেনারেটর চালাতে হয় ৬৩৮ ঘণ্টা। ১৮ আগস্ট বিদ্যুৎবিভ্রাট হয় এক হাজার ৪১৩ ঘণ্টা, পাম্পগুলো বন্ধ থাকে ৬৭২ ঘণ্টা এবং জেনারেটর চলে ৭৪০ ঘণ্টা। চাঁদনীঘাট পানি শোধনাগার ১৭ আগস্ট ৫০ দশমিক ৭৬ শতাংশ এবং ১৮ আগস্ট ৪৭ দশমিক ১৭ শতাংশ কম পানি উত্তোলন ও শোধন করে। নারায়ণগঞ্জের গোদনাইল ও সোনাকান্দার পানি শোধনাগারেও ৫০ শতাংশের বেশি পানি উত্তোলন সম্ভব হচ্ছে না।নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয় না বলে সায়েদাবাদ শোধনাগারে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডিপিডিসি) বিদ্যুৎ ব্যবহার করা হয় না। এর পরিবর্তে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে ওয়াসা তিন মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা-সম্পন্ন তিনটি শক্তিশালী জেনারেটর কিনেছে, যেখানে প্রতিদিন প্রায় তিন লাখ টাকার তেল খরচ হয়।ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান বিদ্যুতের কারণে পানির সমস্যার কথা জানিয়ে বলেন, এই সময়ে পানির সংকট থাকার কথা নয়। কিন্তু লোডশেডিং, বিশেষ করে লো ভোল্টেজসহ বিদ্যুৎবিভ্রাটের কারণে বেশি সমস্যা হচ্ছে।বর্তমানে ওয়াসার গভীর নলকূপের পাম্পস্টেশন রয়েছে ৫৫৯টি। চারটি শোধনাগার ও এসব পাম্প থেকে পাওয়া যায় ১৯৫ কোটি লিটার পানি। কিন্তু চাহিদা রয়েছে প্রায় ২৩০ কোটি লিটার পানির। প্রায় ৩৫ কোটি লিটার ঘাটতি হওয়ার কথা থাকলেও বিদ্যুত্জনিত কারণে তা প্রায় ৫০ কোটি লিটারে গিয়ে ঠেকেছে।পানিবাহী গাড়ির চাহিদা: ঢাকা ওয়াসার পানিবাহী গাড়ির সংখ্যা ৩৫টি। কিন্তু গত মঙ্গলবার নগরের ১৭৯টি এলাকা থেকে গাড়িতে পানি সরবরাহ চাওয়া হয়েছে। শেওড়াপাড়ার একজন বাসিন্দা জানান, গত মঙ্গলবার সকালে গাড়ি চেয়ে বৃহস্পতিবারও পাননি। পানির গাড়ি ছাড়াও ওয়াসার রয়েছে বেশ কয়েকটি ট্রলি। কিন্তু সেগুলো দিয়ে পানির পর্যাপ্ত চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না।দুর্ভোগ: হাটখোলার অভয় দাস লেনের বাসিন্দা জাকির হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে ট্যাপে পানি পাননি। সন্ধ্যায় বাসায় ফিরেও দেখেন পানি নেই। এ অবস্থা ১৫ দিন ধরে চলছে। দক্ষিণ পীরের বাগ এলাকায়ও ১৫ দিন ধরে পানির সংকট চলছে।এলাকাবাসী জানান, প্রতিদিন রান্না ও থালাবাসন ধোয়ার জন্য পানি কিনতে হচ্ছে। এক ড্রাম পানি ১৫০ থেকে ২০০ টাকা। খাওয়ার পানির জন্য আলাদাভাবে ১০০ টাকা দিতে হচ্ছে। আর ওয়াসার পানির বিল তো আছেই।বৃহত্তর মিরপুরের তালতলা, মনিপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, ১, ১১, ১২ নম্বর সেকশন, ইব্রাহিমপুরের হাবিবুল্লাহ সড়ক, কল্যাণপুর ও পাইকপাড়া এলাকায় পানি নিয়ে ভোগান্তি প্রকট বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এ ছাড়া মগবাজারের ডাক্তার গলি, বেপারী গলি, মধুবাগ, নয়াটোলা, বাসাবো, খিলগাঁও, গোড়ান, সিপাহীবাগ, প্রভাতীবাগ, নয়াপল্টন, পুরানা পল্টন লাইন, হাতীরপুল, পুরান ঢাকার তাঁতীবাজার, শাঁখারীবাজার, রাজার দেউড়ীসহ প্রায় প্রতি এলাকায় পানির কষ্ট।