বিদ্যুতের কার্যালয় ভাঙচুর
কিশোরগঞ্জের অষ্টগ্রামে শিক্ষার্থীরা পল্লী বিদ্যুতের স্থানীয় কার্যালয়ে ভাঙচুর করেছে। দীর্ঘদিন ধরে অত্যধিক লোডশেডিং হওয়ায় ক্ষুব্ধ হয়ে গতকাল শনিবার সকালে তারা ওই কার্যালয়ে হামলা চালায়।
বিক্ষুব্ধ ছাত্ররা জানায়, তাদের উপজেলায় সাধারণত প্রতিদিন গড়ে দুই থেকে তিন ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। গরমের মৌসুম শুরু হওয়ার পর পরিস্থিতি আরও অবনতি হয়। বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে শিক্ষার্থীদের। এ কারণে অষ্টগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় এবং অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিদ্যুতের দাবিতে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলা চালিয়ে আসবাব ও দরজা-জানালা ভাঙচুর করে।
অষ্টগ্রামের বিদ্যুৎ কার্যালয়ের কার্যক্রম পরিচালিত হয় কটিয়াদী কার্যালয়ের মাধ্যমে।
কটিয়াদী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. ইসহাক বলেন, বাজিতপুরের আছানপুর গ্রামে নদীভাঙনের কবলে পড়ে অষ্টগ্রামের সঞ্চালনলাইনের কয়েকটি খুঁটি ভেঙে গেছে। এ কারণে ওই উপজেলায় স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না।