বিদ্যুতের কার্যালয় ভাঙচুর, ফাঁকা গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীমুর রহমান খান ওরফে ওসি খাঁর বিরুদ্ধে বিদ্যুতের কার্যালয় ভাঙচুর, এক কর্মচারীকে মারধর ও দুটি ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।পল্লী বিদ্যুতের নড়াইল কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আলতাফ হোসেন বলেন, এ বিষয়ে পল্লী বিদ্যুতের পক্ষে কালিয়া ও নড়াগাতি থানায় মঙ্গলবার পৃথক দুটি অভিযোগ দেওয়া হয়েছে। এতে উপজেলা চেয়ারম্যানসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে পুলিশ এজাহার দুটিকে জিডি হিসেবে নিয়েছে।কালিয়া থানার ওসি মতিয়ার রহমান ও নড়াগাতি থানার ওসি সরোয়ার হোসেন বলেন, অভিযোগে নাম দেওয়া হলেও বিষয়টি জিডি হিসেবে নিয়ে তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে মামলা হিসেবে নেওয়া হবে।এলাকাবাসী ও সংশ্ল্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়দিয়া নৌবন্দর এলাকায় বিদ্যুৎ চলে যায়। বন্দরেই উপজেলা চেয়ারম্যানের বাড়ি। তিনি ওই রাতে পল্লী বিদ্যুৎ বড়দিয়া কার্যালয়ের কর্মকর্তা আবদুল আজিজের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এ সময় তিনি বিদ্যুতের সংযোগ না দিলে অফিস পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।আবদুল আজিজ বলেন, ভয়ে তিনি অফিস তালাবদ্ধ করে আত্মগোপন করেন। রাত দেড়টার দিকে উপজেলা চেয়ারম্যান নিজে গাড়ি নিয়ে অফিসে এসে কাউকে না পেয়ে তাঁর লোকজন নিয়ে অফিসের জানালা ভাঙচুর ও দুটি ফাঁকা গুলি ছুড়ে উপজেলা শহরের দিকে চলে যান। সেখানে লাইনম্যানকে মারধর করা হয়েছে বলে তিনি শুনেছেন।পল্লী বিদ্যুতের কালিয়া উপজেলা উপ-কার্যালয়ের কর্মকর্তা আমির হোসেন বলেন, চেয়ারম্যান রাত আড়াইটার দিকে অফিসে প্রবেশ করে কিছু না বলে প্রথমেই লাইনম্যান আসাদুজ্জামানকে শর্টগানের বাঁট দিয়ে ঘাড়ে আঘাত করেন। এতে আসাদ মাটিতে পড়ে যান। এ সময় সঙ্গে থাকা তাঁর লোকজন তাঁকে পিষ্ট করতে থাকেন। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।মঙ্গলবার দুপুরে মুঠোফোনে জানতে চাইলে চেয়ারম্যান ওসি খাঁ বলেন, ‘এখন একটি মিটিংয়ে আছি, পরে কথা বলছি।’ পরে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।