বিদ্যুতের খুঁটি রেখেই মহাসড়ক সম্প্রসারণ
দৌলতদিয়া-খুলনা মহাসড়কের মধ্যে বৈদ্যুতিক খুঁটি রেখেই আবার সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এতে খুঁটি ও ট্রান্সমিটার এলাকায় সড়কের সমানকরণসহ পাথর ফেলানো সমস্যা হচ্ছে।গত রোববার সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের আড়াই কিলোমিটার এলাকায় সম্প্রসারণের কাজ চলছে। মহাসড়কের পশ্চিমে চার লেনের মাঝখানে বিদ্যুতের তিনটি ট্রান্সমিটারসহ ৪০টি খুঁটি রয়েছে। এর মধ্যে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের কাছে সড়কের মাঝখানে দুটি খুঁটির ওপর একটি, ক্যানেলঘাট ও টার্মিনাল এলাকায় ট্রান্সমিটারসহ খুঁটিগুলো রয়েছে। এসব স্থানে রোলার ঘোরাতে না পারায় ওই জায়গাটুকু ফেলে রেখেছে।ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আমজাদ হোসেন বলেন, ‘সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি ও ট্রান্সমিটার থাকায় ১০ ফেব্রুয়ারি থেকে প্রায় এক মাস কাজ বন্ধ রাখতে হয়েছিল। কিন্তু জুনের মধ্যেই কাজ শেষ করতে হবে। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই খুঁটি সড়কের মাঝে রেখেই কাজ করে যেতে হচ্ছে।’ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) রাজবাড়ী সূত্রে জানা গেছে, রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি বুকিং কাউন্টার থেকে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত আড়াই কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। প্রায় নয় কোটি টাকার কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মো. ওয়াহিদ মিয়া (জে.ভি)। প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কাজ করছেন রাজবাড়ীর আমজাদ হোসেন ও আজিজুল ইসলাম নামের স্থানীয় দুই ঠিকাদার। ২৫ ডিসেম্বর কাজ শুরু হয়। গোয়ালন্দ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মহসীন মোল্লা বলেন, ‘প্রায় ৩০টি খুঁটি সরানো দরকার। কিন্তু এখন পর্যন্ত কোনো অর্থ বরাদ্দ না পাওয়ায় আমাদের পক্ষে খুঁটি সরানো সম্ভব হচ্ছে না।’ সওজ রাজবাড়ীর উপসহকারী প্রকৌশলী ও কাজের তদারকি কর্মকর্তা জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, ‘প্রয়োজনীয় অর্থের অভাবেই মূলত সমস্যার সৃষ্টি হয়েছে। খুঁটি সরানোর জন্য ১০ লাখ টাকা চেয়ে সওজের প্রধান কার্যালয়ে আবেদন করা হয়েছে। টাকা আসামাত্রই খুঁটি সরিয়ে ফেলা হবে। এ ক্ষেত্রে আমাদের বা ঠিকাদারি প্রতিষ্ঠানের কারও কোনো গাফিলতি নেই।’