বিদ্যুতের খুঁটি সরেনি, কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের খুঁটি না সরানোয় পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কের পঞ্চগড় শহরের অংশে সড়ক প্রশস্ত করার কাজ ঝুলে আছে। খুঁড়ে রাখা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে পথচারীরা চরম দুর্ভোগে পড়েছে। তিন বছর আগে ক্ষতিপূরণের টাকা দেওয়া হলেও বিদ্যুৎ বিভাগ এখনো নতুন লাইন স্থাপন করতে পারেনি।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সড়ক নেটওয়ার্ক ও রক্ষণাবেক্ষণ প্রকল্প-২ (আরএনআইএমপি-২) অফিস সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে ১৩১ কোটি টাকা ব্যয়ে পঞ্চগড়-বাংলাবান্ধা সড়ক প্রশস্ত করার জন্য ২০০৮ সালের ২৪ জুন কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মনিকো লিমিটেড এ কাজ পায়। ২০১১ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ করার কথা। কিন্তু জমি অধিগ্রহণসহ নানান জটিলতায় নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি ঠিকাদার। ২০১২ সালের জুন মাস পর্যন্ত কাজের মেয়াদ বাড়ানো হয়। পঞ্চগড়-বাংলাবান্ধা পর্যন্ত ৫৪ কিলোমিটার সড়কের বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে ক্ষতিপূরণ বাবদ এক কোটি ৭৩ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিনেও বোর্ড এসব খুঁটি সরিয়ে নেয়নি। সরেজমিনে দেখা গেছে, এলজিইডি কার্যালয় থেকে শেরেবাংলা পার্ক পর্যন্ত রাস্তার মধ্য থেকে খুঁটি না সরিয়েই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। কিন্তু খুঁটি অপসারণ না করায় সড়ক প্রশস্তকরণ কাজ করতে পারছে না ঠিকাদার।মনিকো লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক বিমান কান্তি সুতার বলেন, পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কের পঞ্চগড় শহরের অংশে দুই কিলোমিটার সড়কের পাশ থেকে বিদ্যুতের খুঁটি অপসারণ না করায় রাস্তা প্রশস্তকরণের কাজ করা যাচ্ছে না। এতে করে ঠিকাদারি প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। নানান জটিলতায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। এ জন্য এক বছর মেয়াদ বাড়ানো হয়েছে।ট্রাকচালক মো. খতিবুর রহমান বলেন, রাস্তা খুঁড়ে রাখায় ট্রাক চালাতে অসুবিধা হয়। এতে ট্রাকের অনেক যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। রিকশা-ভ্যানচালক বাবুল হোসেন বলেন, সড়ক খুঁড়ে রাখায় ভ্যান চালাতে খুবই অসুবিধা হচ্ছে। কলেজছাত্র এস এম মুনিম বলেন, সড়ক খুঁড়ে রাখা হয়েছে। কিন্তু কাজ হচ্ছে না। এতে করে চলাচলে অসুবিধা হচ্ছে। আরএনআইএমপি-২ প্রকল্প ব্যবস্থাপক আবুল কালাম আজাদ মুঠোফোনে বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রাক্কলন অনুযায়ী ২০০৯-১০ অর্থবছরে এক কোটি ৭৩ লাখ টাকা দেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও বিদ্যুৎ বিভাগ খুঁটি অপসারণ করেনি। এতে সড়ক প্রশস্তকরণ কাজ ব্যাহত হচ্ছে। ঠিকাদারের আর্থিক ক্ষতি হচ্ছে।ঠাকুরগাঁও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলাম মুঠোফোনে বলেন, সড়কের খুঁটি অপসারণ ও নতুন বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য ঠিকাদার নির্বাচন করতে দেরি হয়েছে। দুই সপ্তাহ আগে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। কিন্তু মালামাল সরবরাহ করতে না পারায় ঠিকাদার নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি।বিদ্যুৎ বিভাগের ঠিকাদার মো. সাদেকুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘খুঁটি অপসারণ ও নতুন লাইন নির্মাণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দুই সপ্তাহ আগে কার্যাদেশ দেয়। কিন্তু বোর্ড মালামাল সরবরাহ করতে না পারায় কাজ শুরু করতে পারছি না।’