
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নে সরকারি অর্থায়নে নির্মিত দাউদপুর আবাসন প্রকল্পে ২০০৮ সাল থেকে বসবাস করছে ভূমিহীন ১০টি পরিবার। কিন্তু ঝড় ও অগ্নিকাণ্ডে ভবনগুলোর ছাদ বিধ্বস্ত হওয়ায় পাঁচ মাস ধরে পরিবারগুলো মানবেতর জীবন কাটাচ্ছে।
তাড়াইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ভূমিহীন মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ২০০৫ সালে দাউদপুর আবাসন প্রকল্পের কাজ শুরু হয়। ২০০৮ সালে চারটি ঘরের (শেড) কাজ শেষ হয়। ওই সময় চারটি ঘর ১০টি করে মোট ৪০টি ভূমিহীন পরিবারের মধ্যে বরাদ্দ দেওয়া হয়। ২০১৪ সালের অক্টোবর মাসে প্লুটো নামের ঘরটি বিদ্যুতায়িত হয়ে আগুন লেগে যায়। এতে ঘরের চাল পুড়ে যায়। ওই পোড়া চালের নিচেই থাকছিলেন তাঁরা। গত ২৪ মে ঘূর্ণিঝড়ে ওই চাল উড়ে গিয়ে পাশের রাস্তার ওপর একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে আটকে যায়।
সরেজমিনে দেখা যায়, ঘরটির চাল এখনো বিদ্যুতের খুঁটির সঙ্গে আটকে আছে। ঘরগুলোর ওপর ছাদ বলতে কিছুই নেই। মানুষজন ওই পথ দিয়ে সাবধানে চলাফেরা করছে।
প্লুটোর বাসিন্দা জিয়াউর রহমানের স্ত্রী রিমা আক্তার একটি টিনের চাল দেখিয়ে বলেন, ‘বিদ্যুতের আগুনে ঘরের চাল পুড়ে যাওনের পর কষ্ট কইরা এর মধ্যে থাকছি। অহন বাচ্চা-কাচ্চার কথা চিন্তা কইরা ১০ হাজার টাকা ধারদেনা কইরা খালি জায়গায় এই ঘরড্যা বানাইছি।’
একই আবাসনের বাসিন্দা ময়না বেগম বলেন, ‘মাথার ওপর চাল নাই। পুরান কাপড় টাঙ্গাইয়া আসমান দেখা বন্ধ করছি। কিন্তুক, মেঘ-রইদেরে আটকাইতে পারি না।’ তিনি আরও বলেন, কষ্ট সহ্য করতে না পেরে সেখান থেকে তিন-চারটি পরিবার চলে গেছে।
রাউতি ইউপির চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, প্লুটো নামের ঘরটি আগুন লেগে এবং ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বসবাসের অযোগ্য হয়ে গেছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
তাড়াইল উপজেলার পিআইওর দায়িত্বে নিয়োজিত সাখাওয়াত হোসেন বলেন, চেয়ারম্যানকে লিখিতভাবে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা আক্তার বলেন, প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারগুলোর দুর্ভোগ লাঘবের চেষ্টা করা হচ্ছে।