বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে একের পর এক দুর্ঘটনা
বরিশালে একটি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে আট বছর আগে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করে পল্লী বিদ্যুৎ বিভাগ। খুঁটি ধরে রাখার জন্য ভেতরে মাঠের সঙ্গে আটকে দেওয়া হয় মোটা টানা তার। এ কারণে খেলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় পড়ছে শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, বরিশাল সিটি করপোরেশনের সীমানা ঘেঁষে গড়ে ওঠা কাগাশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটক বরাবর মাঠের মধ্যে বিদ্যুতের খুঁটি স্থাপন করা হয়েছে। খুঁটি আটকে রাখার জন্য দুই দিক থেকে মোটা তার দিয়ে মাটির সঙ্গে আটকে দেওয়া হয়েছে। প্রায় দিনই খেলতে গিয়ে ওই তারে আটকে ঘটছে দুর্ঘটনা।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মুশফিকুর রহমান জানায়, ওই তারে আটকে গিয়ে একবার মুখ থেঁতলে যায় তার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী মাহতাব উদ্দীন প্রথম আলোকে জানান, বিদ্যালয়ে ৫৬৩ জন শিক্ষার্থী পড়ে। আট বছর আগে বিদ্যালয়ের মূল ফটকের সামনে ওই খুঁটি স্থাপন করে পল্লী বিদ্যুৎ বিভাগ। দীর্ঘদিন ধরে খুঁটি অপসারণের অনুরোধ জানালেও তাঁরা সেটি সরাচ্ছে না।
পল্লী বিদ্যুৎ বিভাগের অপারেশন ও মেইনটেনেন্স বিভাগের দায়িত্বে থাকা কাওসার আহম্মেদ বলেন, নিয়ম অনুযায়ী কোনো জায়গার খুঁটি অপসারণ করতে হলে এক হাজার ৫০০ টাকা জমা দিয়ে আবেদন করতে হয়।