গত কয়েক দিনের তুলনায় গতকাল বুধবার দেশে বিদ্যুৎ উৎপাদন কিছুটা বেড়েছে। ফলে চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি সামান্য কমে গতকাল এক হাজার মেগাওয়াটে দাঁড়িয়েছে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাব অনুযায়ী, গতকাল দেশে বিদ্যুতের সর্বোচ্চ সম্ভাব্য উৎপাদনের লক্ষ্য ধরা হয় চার হাজার ৫৬৮ মেগাওয়াট, আর সর্বোচ্চ চাহিদা পাঁচ হাজার ৫৫০ মেগাওয়াট। তবে প্রকৃত চাহিদা এর চেয়ে বেশি।পিডিবি সূত্র জানায়, একদিকে গ্রীষ্মের প্রকোপ বৃদ্ধির কারণে চাহিদা বৃদ্ধি, অন্যদিকে উৎপাদন কিছুটা কমে যাওয়ায় লোডশেডিং বেড়েছিল। তবে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া সব কটি ইউনিট চালু হওয়ায় দেশে বিদ্যুতের মোট উৎপাদন বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। শিগগির পরিস্থিতির আরও উন্নতি হবে।আগের কয়েক দিনের মতো গতকালও ঢাকার বিভিন্ন এলাকা থেকে প্রথম আলো কার্যালয়ে টেলিফোন করে লোডশেডিংয়ের অভিযোগ জানান ভুক্তভোগী নগরবাসী। তাঁরা জানান, লোডশেডিংয়ের পাশাপাশি বেড়েছে বিদ্যুৎ-বিভ্রাটও।বিদ্যুৎ বিতরণ কোম্পানির সূত্রগুলো জানায়, কোনো কোনো এলাকায় ট্রান্সফরমার অকেজো হওয়া, বিতরণ লাইনে সমস্যা প্রভৃতি বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে মূলত অত্যধিক গরম ও চাহিদা বৃদ্ধিজনিত ওভারলোডের কারণে।ঢাকার বাইরের শহর-নগর ও গ্রামাঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি আরও খারাপ বলে বিভিন্ন এলাকার গ্রাহক ও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী কোম্পানিগুলোর সূত্র জানিয়েছে। বিশেষ করে, পল্লী বিদ্যুতের আওতাধীন দেশের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ থাকে সর্বোচ্চ ১০ ঘণ্টা।পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একাধিক সূত্র জানায়, তারা বিদ্যুৎ পাচ্ছে চাহিদার সর্বোচ্চ ৪০ শতাংশ।বিদ্যুতের উৎপাদন চার হাজার ৭০০ মেগাওয়াট থেকে প্রায় ৫০০ মেগাওয়াট কমে যাওয়ার কারণ হিসেবে সূত্রগুলো জানায়, কারিগরি ত্রুটির কারণে বেশ কয়েকটি কেন্দ্রে উৎপাদন বন্ধ রয়েছে। তা ছাড়া বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির স্বল্পতাও উৎপাদন কমার অন্যতম কারণ।