চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন ঘাটতি ৬০০ মেগাওয়াট ছাড়িয়েছে। একটানা প্রায় এক মাস বৃষ্টি না হওয়া, দুর্ঘটনায় মেঘনা ঘাটের ৪৫০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র বন্ধ হওয়া এবং বিদ্যুৎ উৎপাদনে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না থাকায় এই ঘাটতি হয়েছে বলে সরকারি সূত্রগুলো জানায়।
এদিকে বর্তমান বিদ্যুৎ সমস্যার অন্যতম প্রধান কারণ আবহাওয়ায় আরও তিন-চার দিনে পরিবর্তন আসার সম্ভাবনা দেখছেন না আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞানীরা। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁরা জানান, তাপমাত্রা বেড়েই চলেছে। গতকাল যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত বছরের এপ্রিলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৫ ডিগ্রি। গতকাল ঢাকায়ও সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রিতে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞানীরা বলেন, চলমান আবহাওয়া পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে ২৮ এপ্রিলের পর। এর মধ্যে দেশের কোনো স্থানে সামান্য বৃষ্টি হলেও ঢাকায় না হওয়ার আশঙ্কাই বেশি। এ সময়ে ঢাকাসহ সারা দেশে মাঝারি থেকে তীব্র মাত্রার তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্র জানায়, গতকাল দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ধরা হয় সাত হাজার ৪০০ মেগাওয়াট। সম্ভাব্য উৎপাদনের লক্ষ্য ছিল ছয় হাজার ৭৮০ মেগাওয়াট। গত এক বছরের মধ্যে এটাই বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ঘাটতি। এ ছাড়া ঢাকাসহ দেশের অনেক স্থানে বিতরণব্যবস্থার সীমাবদ্ধতা থাকায় বাধ্যতামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হচ্ছে। কোনো কোনো এলাকায় অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করায় বিতরণব্যবস্থা বিকল হওয়ার ঘটনাও ঘটছে।
বিতরণ কোম্পানিগুলোর সূত্র জানায়, ৬০০ মেগাওয়াট উৎপাদন ঘাটতির জন্য দিনে দুবারের বেশি লোডশেডিং করার দরকার হতো না। কিন্তু একটানা গ্রীষ্মের কারণে বিদ্যুতের সর্বোচ্চ ও সর্বনিম্ন চাহিদার ব্যবধান কমে যাওয়ায় তিন-চারবার লোডশেডিং করতে হচ্ছে। তা ছাড়া বিতরণব্যবস্থার সীমাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হচ্ছে আরও কয়েকবার।
জানতে চাইলে বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম বলেন, সমস্যাটা হয়েছে একটানা প্রচণ্ড গরমের কারণে। বন্ধ হয়ে যাওয়া মেঘনা ঘাট কেন্দ্রটিতে যে গ্যাস ব্যবহার করা হতো, তা অন্যান্য বিদ্যুৎকেন্দ্রে যতটা সম্ভব ব্যবহার করার ব্যবস্থা নেওয়া হয়েছে। তা ছাড়া কাল (আজ) বৃহস্পতিবার সামিটের মেঘনা ঘাট ৩৩৫ মেগাওয়াটের কেন্দ্রটির সিম্পল সাইকেল চালু হবে। তেলচালিত কেন্দ্রগুলোও বেশি চালিয়ে উৎপাদন ঘাটতি সীমিত রাখা হবে। সমস্যা আর বাড়বে না। বৃষ্টি হলে সমস্যা একেবারেই থাকবে না।
তবে অন্যান্য সরকারি সূত্রগুলো জানায়, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির জন্য আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে। এ সময় বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার ওপর আরও চাপ বাড়বে। কাজেই সমস্যা আরও প্রকট হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।