বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ গেল মা ও মেয়ের
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বারাজান গ্রামে গত বুধবার দুপুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ গেল মা শিশুবালা (৬০) ও তাঁর মেয়ে আরতী রানীর (৩৫)।
এদিকে মঙ্গলবার নওগাঁর মহাদেবপুর উপজেলার চান্দাস ইউনিয়নের অনন্তপুর গ্রামে আয়নাল হক (৪০) নামের এক কৃষক শিয়াল মারার জন্য নিজের তৈরি করা ফাঁদে পড়ে মারা গেছেন।
চলবলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘বারাজান গ্রামের শিশুবালা ও আরতী রানী বুধবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মারা যান। গ্রামের আবদুল কাদের নামের এক ব্যক্তির সেচপাম্পের বিদ্যুতের জন্য তার টানিয়েছিলেন। সেই ছেঁড়া তারে তাঁরা জড়িয়ে মারা যান। ঘটনাটি কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছি। তিনি আমাকে পরিবারের অনুরোধে লাশ দাহ করার অনুমতি দিতে বলেন, আমি তাই দিয়েছি।’
ওসি সোহরাব হোসেন বলেন, ‘ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান আমাকে ঘটনাটি জানিয়ে বলেন যে তিনি তাঁর ক্ষমতাবলে মৃতদেহ দুটি পরিবারের সদস্যদের দাহ করার অনুমতি দিয়েছেন। অভিযোগ থাকলে এ ধরনের মৃত্যুর ক্ষেত্রে অপমৃত্যু (ইউডি) মামলা, প্রয়োজনে লাশের ময়নাতদন্ত করা হয়। আর অভিযোগ না থাকলে ইউপি চেয়ারম্যান তাঁর ক্ষমতা বলে লাশের ধর্মীয় সৎকার করার অনুমতি দিতে পারেন।’
মহাদেবপুর থানার পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, কৃষক আয়নাল হক গ্রামের পাশের জমিতে শসা চাষ করেছেন। শিয়াল যাতে শসা খেতে না পারে সে জন্য তিনি ওই জমির চারপাশ দিয়ে বিদ্যুতের তারের ফাঁদ তৈরি করেন। তিনি রাতে ওই ফাঁদে বিদ্যুতের সংযোগ দিয়ে সকালে খুলে রাখেন। মঙ্গলবার রাতে তিনি খেতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের ওই তারে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।